Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এই প্রথম কংক্রিটের পাকা রাস্তা  পেলেন খেজুরতলা, নিবড়াবাসী

এই প্রথম কংক্রিটের পাকা রাস্তা  পেলেন খেজুরতলা, নিবড়াবাসী
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তা থাকলেও ছিল না পিচ বা কংক্রিটের প্রলেপ। কাঁচা রাস্তায় বর্ষাকালে যাতায়াত করতে প্রাণ ওষ্ঠাগত হতো বাসিন্দাদের। তাই পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে বাসিন্দাদের দাবি পূরণ করল হাওড়া পুরসভা। কোনা এক্সপ্রেসওয়ে ও নিবড়া হাইরোডের সংযোগকারী রাস্তা নতুন করে কংক্রিটের করে দিল পুরসভা। উপকৃত হলেন এই এলাকার প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দা। তাঁরা একারণে হাওড়া পুরসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Advertisement
কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলা থেকে নিবড়া মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার বাসিন্দা। নিবড়া হাইরোড থেকে সরাসরি কোনা এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য দিনভর বাইক, টোটো ছাড়াও ছোট চারচাকা গাড়ি যাতায়াত করে এই রাস্তায়। রাস্তাটি এতদিন কাঁচা থাকায় এতদিন সমস্যায় পড়তে হতো ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিশেষ করে বর্ষায় জমা জল ঢেউ খেলত রাস্তায়। তখন ঘুরপথে যাওয়া ছাড়া উপায় ছিল না তাঁদের। বাড়িতে কেউ অসুস্থ হলে বা কোনও আপৎকালীন পরিস্থিতিতে এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকার মতো অবস্থা ছিল না। তাই দীর্ঘদিন ধরেই রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। অবশেষে তাঁদের মুখে হাসি ফুটেছে। জানা গিয়েছে, দিন কুড়ি আগে রাস্তাটি পাকা করার কাজ শুরু করে পুরসভা। ইতিমধ্যেই ১.৭ কিলোমিটার কংক্রিটের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাস্তা তৈরিতে পুরসভার ব্যয় হয়েছে প্রায় দু’ কোটি টাকা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘এই রাস্তাটি কিছুটা চওড়াও হয়েছে। ফলে এখন থেকে পণ্যবাহী ছোট চারচাকার গাড়ি চলাচল করতে পারবে। স্থানীয়রা উপকৃত হয়েছেন।’
মঙ্গলবার সকালে পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই রাস্তা পরিদর্শন করেন মুখ্য প্রশাসক। স্থানীয় বাসিন্দারা যে খুশি, তা তাঁদের চোখমুখ দেখেই বোঝা গিয়েছে। দেখা গেল, বাসিন্দাদের অনেকেই উৎসাহের সঙ্গে নতুন কংক্রিটের রাস্তায় জল ছিটিয়ে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বহু দিনের দাবি অবশেষে পূরণ হল। আমরা প্রথমবার পাকা রাস্তা পেলাম। বাড়িতে ঢালাইয়ের কাজ হওয়ার পর যেভাবে জল দিতে হয়, সেটাই করছি। আমরা খুশি।’-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ