Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এই জয় খুবই স্পেশাল, একই সুর লক্ষ্মণ ও সূর্যকুমারের কণ্ঠে

এই জয় খুবই স্পেশাল, একই সুর লক্ষ্মণ ও সূর্যকুমারের কণ্ঠে
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
জোহানেসবার্গ: তরুণ ব্রিগেডের উত্থান! দক্ষিণ আফ্রিকার মাটিতে দুরন্ত দাপটে ভারতের টি-২০ সিরিজ জয় এভাবেই চিহ্নিত হচ্ছে। শুক্রবার তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের ঝোড়ো সেঞ্চুরির সুবাদে জয় আসে ১৩৫ রানে। ২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে আইডেন মার্করামরা থেমে যান ১৪৮ রানে। একই সঙ্গে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পোরে সূর্যকুমার যাদবের বাহিনী। এই সাফল্যকে ‘স্পেশ্যাল’ হিসেবে চিহ্নিত করেছেন কোচ ভিভিএস লক্ষ্মণ। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘ছেলেরা এই সিরিজে যে উদ্দীপ্ত পারফরম্যান্স মেলে ধরেছে তার জন্য সত্যিই গর্বিত। এটা কঠোর প্রচেষ্টার ফসল। সূর্য দারুণ নেতৃত্ব দিয়েছে। ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য দেখিয়েছে সঞ্জু ও তিলককে। আর বল হাতে অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। সবচেয়ে বড় কথা, দলের সংঘবদ্ধ মনোভাব। একে অন্যের সাফল্য উপভোগ করেছে। এই স্মরণীয় জয়ের জন্য সকলকে অভিনন্দন।’
Advertisement
অধিনায়কের কাছেও এটা ‘স্পেশ্যাল’ জয়। সূর্য বলেছেন, ‘ওয়েল ডান বয়েজ। বিদেশে সিরিজ জেতা যে কত কঠিন তা সকলে জানি। শেষবার দক্ষিণ আফ্রিকায় আমরা ১-১ ফল করেছিলাম। সেজন্যই এবার ২-১ এগিয়ে গিয়েও আমরা মনোভাব দেখাইনি। প্রত্যেকে সেরাটা উজাড় করে দিয়েছে। আমি নিশ্চিত, এখন সবাই উৎসবের মেজাজে রয়েছে।’ টানা দুই সেঞ্চুরির সুবাদে এই ফরম্যাটে তিন নম্বর জায়গা অনেকটাই মজবুত করেছেন তিলক। শুধু শুক্রবারের ম্যাচেই নয়, সিরিজের সেরাও হয়েছেন তিনি। তাঁর সম্পর্কে সূর্যর মন্তব্য, ‘তিন নম্বরে বিরাট কোহলি দীর্ঘদিন ধরে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছে। এবার একজন প্রতিশ্রুতিবান তরুণের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল। সেটা নিয়ে তিলকের সঙ্গে আমার কথাও হয়েছে আগে। ও দারুণভাবে পালন করেছে দায়িত্বটা। আশা করি, সব ফরম্যাটেই এমন ছন্দে ব্যাট করবে তিলক।’ 
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ফিরলে স্যামসনের অবস্থা কী হবে? তিনি কি তখনও ওপেন করবেন? রহস্য রেখেই সূর্য বলেছেন, ‘এখনও অত দূর ভাবিনি। এই মুহূর্তকে উপভোগ করছি আমরা। ওরা ফিরলে তখন দেখা যাবে। এটা নির্বাচক, ম্যানেজমেন্টের দায়িত্ব।’
সম্পর্কিত সংবাদ