সংবাদদাতা, কাঁথি: এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরের বরদা এলাকায় প্রকাশ্যে হামলা চালিয়ে গায়ের জোরে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল। বাধা দিতে গিয়ে কৃষক দম্পতি জখম হন। তাঁরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আক্রান্ত কৃষক এগরা থানায় পাঁচজনের নামে অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জমিজমা নিয়ে পুরনো আক্রোশের জেরে এই হামলা বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মির্জাপুর গ্রামের বাসিন্দা রমেশচন্দ্র বেরা ও তাঁর স্ত্রীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৭৬ডেসিমল জমিতে গত ১ফেব্রুয়ারি সকালে চাষ করছিলেন। সেই সময় বহিরাগত কয়েকজন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে এসে চড়াও হয়। রমেশচন্দ্র ও তাঁর স্ত্রী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তারা দম্পতিকে কিল, চড় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। চিৎকার শুনে পাশের জমি থেকে চাষিরা দৌড়ে এসে তাঁদের উদ্ধার করেন। রমেশচন্দ্র বলেন, কয়েকজন জমিতে চাষ করতে না দিয়ে জবরদখল করার চেষ্টা করেছিল। আমরা থানায় অভিযোগ দায়ের করলেও আতঙ্কের মধ্যে রয়েছি। জমিতে পুনরায় চাষ করতে পারব কি না, দুশ্চিন্তায় রয়েছি। আশা করছি, পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এগরা থানার এক আধিকারিক বলেন, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই হামলা, তা বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে। আক্রান্তদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এগরা থানার এক আধিকারিক বলেন, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই হামলা, তা বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে। আক্রান্তদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।



