নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতির আওতায় আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই অনুযায়ী দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। অতিবৃষ্টি হলে রাজ্যের বিভিন্ন জায়গায় সেসময় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে হাওড়া গ্রামীণে পরীক্ষার্থীদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা রাখতে তৎপর হাওড়া জেলা শিক্ষাদপ্তর। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আমতা ও উদয়নারায়ণপুরের একাধিক স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখেন শিক্ষাদপ্তরের কর্তারা। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। একইসঙ্গে প্রথমবার হবে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। তার আগে সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে। পরীক্ষার সময় বৃষ্টি-বিভ্রাট এড়াতে আগেভাগেই তৎপর শিক্ষাদপ্তর। এদিন আমতা পূর্ব ও পশ্চিম, উদয়নারায়ণপুর সার্কেলের ১৩টি স্কুল পরিদর্শন করা হয়। সার্কেল অফিসগুলোতে আলোচনার জন্য যান জেলা বিদ্যালয় পরিদর্শক আশানুল করিম, জয়েন্ট কনভেনার অতুলকুমার মণ্ডল ও ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্যরা।



