নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি চালাল ইডি। ইডি যখন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গাড়িতে চড়াও হন সিপিএমের স্থানীয় কর্মী, সমর্থকরা। ভাঙচুর চালানো হয়েছে ইডি আধিকারিকদের একের পর এক গাড়িতে। দিল্লিতে ইডি সদর কার্যালয়ের সামনেও তুমুল বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। সেই বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, দলের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। পুলিস অবশ্য প্রত্যেককেই আটক করে। গোটা ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছে সিপিএম। দলের অভিযোগ, বিজেপি এবং কংগ্রেস আদতে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। তাই নির্বাচনি ফল প্রকাশের পর এক মাস না কাটতেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি এদিন সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘এহেন ইডি অভিযানের সঙ্গে কি কংগ্রেসও জড়িত?’



