নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এবার সিবিআইয়ের জালে আরও দুই চক্রী। বুধবার মহারাষ্ট্রের লাতুরে এক চিকিৎসক ও পুনে থেকে পদার্থবিদ্যার এক শিক্ষককে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। ধৃত চিকিৎসকের নাম মনোজ শিরুরে। অন্যজন তেজস হরশদকুমার শাহ। পুনের একটি কোচিং সেন্টারে পদার্থবিদ্যার শিক্ষক তিনি। এনিয়ে নিট মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
নিট দুর্নীতির তদন্তে নেমে আগেই শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকারকে গ্রেপ্তার করেছে সিবিআই। মহারাষ্ট্রের লাতুরে রেনুকাই কেমিস্ট্রি ক্লাস (আরসিসি) নামে একটি কোচিং ইনস্টিটিউট চালাতেন তিনি। তদন্ত সূত্রে জানা গিয়েছে, মোতেগাঁওকারের ছেলে সহ তিন পড়ুয়াকে রসায়নের প্রশ্নপত্র পাইয়ে দিয়েছেন ধৃত লাতুরের চিকিৎসক মনোজ শিরুরে। পি ভি কুলকার্নির কাছ থেকে এই প্রশ্নপত্র জোগাড় করেছিলেন মনোজ। উল্লেখ্য, এনটিএ-র প্রশ্নপত্র তৈরির দায়িত্বে ছিলেন পি ভি কুলকার্নি। তাঁকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত তেজস হরশদকুমার শাহ পুনের এক কোচিং সেন্টারে পদার্থবিদ্যা পড়াতেন। সেইসূত্রেই মনীষা হাবালদারের সঙ্গে যোগাযোগ। আর মনীষার কাছ থেকেই পদার্থবিদ্যার প্রশ্ন পেয়েছিলেন তিনি। সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তদন্ত চলছে। এপর্যন্ত ৪৯টি জায়গায় অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারির পাশাপাশি একাধিক নথি, ল্যাপটপ ও মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।