কোচি, ৮ অক্টোবর: ভুটান থেকে বিলাসবহু গাড়ির আমদানি ও ক্রয়, এবং অবৈধভাবে বিদেশি মুদ্রায় কেনাবেচা কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি। কিছুদিন আগেই এই মামলায় মালয়ালম অভিনেতা দ্যুলকার সলমন, পৃথ্বীরাজ সুকুমারণের বাসভবন সহ অফিসে হানা দিয়েছিল শুল্ক দফতরও। এবার ফের সেই একই মামলায় আজ, বুধবার সকালে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোচির ইডির জোনাল অফিসারের নেতৃত্বে কেরল ও তামিলনাড়ুর মোট ১৭টি জায়গায় তল্লাশি চলছে। যার মধ্যে রয়েছে অভিনেতা দ্যুলকার সলমনের বাসভবন-অফিস। এমনকী চেন্নাইয়ের গ্রিনওয়েজ রোডে জনপ্রিয় অভিনেতা মাম্মুট্টির একটি সম্পত্তিতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণের বাসভবনেও হানা দিয়েছে ইডি। এরনাকুলাম, ত্রিশূর, কোঝিকোড়, মলপ্পুরম, কোট্টায়াম ও কোয়েম্বাটুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। বাসভবন, অফিস, গাড়ির গ্যারেজ সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



