নয়াদিল্লি: ১৩ হাজার কোটি টাকার পিএনবি প্রতারণা মামলায় হিরে ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসিকে আগেই ফেরার ঘোষণা করা হয়েছিল। এবার তাঁদের পত্নীকেও ফেরার ঘোষণা করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁদের বিরুদ্ধে ফেরার আর্থিক অপরাধী (এফইও) আইনের অধীনে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আধিকারিকরা মনে করছেন, নীরব মোদির স্ত্রী অ্যামি ও মেহুল চোকসির স্ত্রী প্রীতি যথাক্রমে আমেরিকা ও বেলজিয়ামে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে এফইও আইনে পৃথক আবেদন পেশ করা হবে। সূত্রের খবর, এর ফলে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই দেশে ও দেশের বাইরে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ পাবে ইডি।



