চেন্নাই: আর্থিক তছরুপের মামলায় এবার তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা আই পেরিয়াস্বামীর বাড়িতে তল্লাশি চালাল ইডি। শনিবার পেরিয়াস্বামীর অফিস ও বাড়ির পাশাপাশি তাঁর ছেলে বিধায়ক আই পি সেন্থিল কুমারের অফিসেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় গত এপ্রিলে পেরিয়াস্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেইসূত্রেই এই অভিযান। ইতিমধ্যে এনিয়ে সরব হয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর বক্তব্য, বিরোধীদের ভয় দেখাতে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার করছে বিজেপি। কিন্তু তাতে কোনও লাভ হবে না। ২০০৬-২০১০ সাল। সেইসময় মন্ত্রী থাকাকালীন পেরিয়াস্বামী, তাঁর স্ত্রী পি সুশীলা, সন্তান পি সেন্থিল কুমার ও পি প্রভুর নামে ২.১ কোটির হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ মেলে। পরে সেই মামলা আদালতে পৌঁছয়। শুরুতে পেরিয়াস্বামীকে মুক্তি দিয়েছিল ডিন্ডিগুলের বিশেষ আদালত। কিন্তু পরের দিকে বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-কোরাপশন (ডিভিএসি)। এর জেরেই বিপাকে পড়েন মন্ত্রী। বিশেষ আদালতের রায় খারিজ করে পেরিয়াস্বামীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। সেইসূত্রে এদিন চেন্নাই ও ডিন্ডিগুলের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। মন্ত্রী ও তাঁর ছেলের বাড়ি, অফিস সহ বেশ কয়েকটি জায়গায় চিরুনি তল্লাশি চালান আধিকারিকরা।



