Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার থেকে মালদহেই দমকল বিভাগের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক

এবার থেকে মালদহেই দমকল বিভাগের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার থেকে মালদহেই হবে দমকল বিভাগের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক। মাসে দু’বার করে এই বৈঠক ডাকা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আগে এই বৈঠকের জন্য শিলিগুড়ি ছুটতে হতো মালদহ ও দুই দিনাজপুর জেলার ব্যবসায়ীদের। 
Advertisement
মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, এতদিন দমকল বিভাগের মালদহ অফিস থেকে শুধুমাত্র জি প্লাস টু বিল্ডিংয়ের অনুমতি দেওয়া হতো। এর চাইতে বেশি উচ্চতার বহুতল নির্মাণের ক্ষেত্রে অনুমোদনের জন্য শিলিগুড়ি যেতে হতো। এর ফলে আমাদের নানা হয়রানি হচ্ছিল। তাই মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের তরফে মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন জানানো হয়। সম্প্রতি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকেও বিষয়টি জানানো হয়। এরপরই দমকল বিভাগ মালদহে টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন থেকে মাসে দু’বার করে এই বৈঠক ডাকা হবে। বৈঠক ডাকবেন দমকল বিভাগের এডিজি পদমর্যাদার একজন আধিকারিক। মঙ্গলবার মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বণিক সভাকে নিয়ে টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক ডাকেন এডিজি (ফায়ার)  নীলাদ্রি চক্রবর্তী। 
শিলিগুড়ির পর ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে উত্তরবঙ্গের মধ্যে মালদহ দ্বিতীয় স্থানে রয়েছে। মালদহের সদর শহর ইংলিশবাজার ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে গড়ে উঠছে একের পর এক বহুতল। কোনটি জি প্লাস ফোর, কোনটি জি প্লাস ফাইভ। এছাড়াও মালদহে গড়ে উঠছে বহু বেসরকারি আবাসন। সেই আবাসনগুলিও জি প্লাস ফাইভ উচ্চতার। এতদিন এই সমস্ত বহুতল নির্মাণের আগে দমকল বিভাগের অনুমোদনের জন্য শিলিগুড়ি যেতে হতো ব্যবসায়ীদের। কারণ উত্তরবঙ্গের মধ্যে এতদিন একমাত্র শিলিগুড়িতেই দমকল বিভাগের টেকনিক্যাল এক্সপার্ট কমিটি'র বৈঠক হতো। 
Advertisement
সম্পর্কিত সংবাদ