Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সুতন্দ্রার গাড়ির সহযাত্রীদের   দিকেও আঙুল তুলছেন মা তনুশ্রী

এবার সুতন্দ্রার গাড়ির সহযাত্রীদের   দিকেও আঙুল তুলছেন মা তনুশ্রী
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ইভটিজারদের হামলার অভিযোগ থেকে অনেকটা সরে এলেন পানাগড়ে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। বুধবার মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায় অন্য কথা জানিয়েছেন। তিনি বলেন, সেদিন আমাদের গাড়িতে অন্য যারা ছিল, তাদেরও আমি সন্দেহের আওতায় রাখতে চাই। তনুশ্রীদেবী আরও বলেন, আমার মেয়ের মৃত্যুর জন্য যে-ই দায়ী হোক, তাকে প্রকাশ্যে নিয়ে আসুক পুলিস। সেটাই আমার একমাত্র দাবি। তাৎপর্যপূর্ণভাবে এদিনই তিনি তাঁর মেয়ের সেদিনের সহযাত্রীদের একজনকে অভিযোগের সুরে বলেছেন, তোমরা আস্তে গাড়ি কেন চালালে না! 
Advertisement
সম্প্রতি ওই ঘটনার একাধিক সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে। এদিন তা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতার মা। তিনি গোটা ঘটনার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করেছেন। পাশাপাশি মেয়ের সহযাত্রী ও গাড়ির চালকের দিকে মৃতার মায়ের আঙুল তোলার বিষয়টি ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। তনুশ্রীদেবী এদিন বলেন, আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে আর ফিরবে না। কিন্তু তাঁর মৃত্যুর জন্য যে-ই দায়ী হোক, আমি তার শাস্তি চাই। সেই দোষী ব্যক্তিকে পুলিস চিহ্নিত করুক। এদিন তিনি বলেন, একটি ফুটেজে আমি দেখেছি ইভটিজারদের গাড়িটি আমার মেয়ের গাড়ি ছাড়িয়ে এগিয়ে গিয়েছে। তারপরেও আমাদের গাড়িটি তীব্র গতিতে যাচ্ছিল। এনিয়ে আমি গাড়ির এক সহযাত্রীকে প্রশ্ন করেছিলাম। সে বলেছে, আমরা চালককে গতি কমাতে বলেছিলাম, কিন্তু সে শোনেনি। তনুশ্রীদেবী বলেন, পুলিস প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে সন্তানহারা মায়ের জীবনের শেষ ইচ্ছে পূরণ করুক। আর বিচ্ছিন্ন কিছু সিসি ক্যামেরা ফুটেজ নয়, সমস্ত ফুটেজ প্রকাশ্যে আনা হোক। তাতে গোটা বিষয়টি স্বচ্ছ হবে।
সুতন্দ্রার মামা এদিন বলেন, পানাগড়ের ওই রাস্তায় ইভটিজিং হয়। আমি বিষয়টি জানি। আমি নিজে পুলিস কর্মীর পরিবারের মেয়েকে বিয়ে করেছি। পুলিসের প্রতি আমার বিশ্বাস অগাধ। কিন্তু কোনও চাপের মুখে নতি স্বীকার করে নয়। ঠিক যা ঘটনা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। অপরাধী শাস্তি পাক।
প্রসঙ্গত, রবিবার রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় চন্দনগরের এক তরুণীর মৃত্যুর পর থেকেই কার্যকারণ নিয়ে নানা জলঘোলা শুরু হয়েছে। প্রথমপর্বে ইভটিজিংয়ের জেরেই ওই তরুণীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে পরিবার দাবি করেছিল। বুধবার সেই অবস্থানকে বেশ খানিকটা সরে এলেন মৃতার মা, যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। 
এদিকে, বুধবারও সুতন্দ্রার চন্দননগরের বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা অব্যাহত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন তনুশ্রীদেবীর বাড়িতে গিয়েছিলেন। তিনি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ