Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সোনারপুরে তৃণমূলের ব্লক সভাপতি কে? দলীয় স্তরে গুঞ্জন

এবার সোনারপুরে তৃণমূলের ব্লক সভাপতি কে? দলীয় স্তরে গুঞ্জন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে তৃণমূলের ব্লক সভাপতি নেই দীর্ঘদিন। সোনারপুরকে উত্তর ও দক্ষিণে দু’ভাগে ভাগ করার পর আজ পর্যন্ত দল কাউকে ব্লক সভাপতি নির্বাচিত করেনি। ফলে বহু ক্ষেত্রেই সাংগঠনিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। প্রয়োজনে, অপ্রয়োজনে হস্তক্ষেপ করতে হচ্ছে উচ্চতর নেতৃত্বকে। এবার রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হওয়ায় ঘাসফুল শিবিরের নিচুতলার কর্মীরা এই ব্লকে নতুন সভাপতির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন। শুধু ব্লক সভাপতি নয়, সোনারপুর দক্ষিণে অঞ্চল সভাপতির পদটিও ফাঁকা রয়েছে। একইসঙ্গে কি এই দু’টি পদ পূরণ করবে দল? এ নিয়ে সোনারপুরে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। 
Advertisement
তৃণমূল কর্মীদের বক্তব্য, ব্লক সভাপতি না থাকায় সোনারপুরের দুই বিধায়ককে প্রশাসনিক কাজের সঙ্গে সাংগঠনিক কাজও দেখাশোনা করতে হয়। যা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। কর্মীরা চান, পাকাপাকিভাবে কাউকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হোক। তাতে সাংগঠনিক প্রশ্নে কাজ করতে সুবিধা হবে নেতৃত্বের। উত্তর ও দক্ষিণে সোনারপুরকে ভাগ করার পর থেকে দল কাউকেই ব্লক সভাপতির পদে বসায়নি। কেন সভাপতি নেই, এ নিয়ে দলীয় কর্মীরা মুখ খুলতে চাইছেন না। উল্টে বলছেন, দল যা ভালো বুঝেছে, করেছে।
এদিকে, কালিকাপুর ২ নম্বর, সোনারপুর ২ নম্বর এবং প্রতাপনগরে বর্তমানে কোনও অঞ্চল সভাপতি নেই। নেতৃত্ব না থাকায় সাংগঠনিকভাবে সমস্যা হচ্ছে বলে দাবি করেছে দলীয় কর্মীদের একাংশ। তাঁরা ওই তিনটি অঞ্চলে সভাপতির পদ পূরণের দাবি তুলেছেন।
পাশাপাশি গত লোকসভা ভোটে যে সব এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, সেইসব অঞ্চলের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের উপর শাস্তির খাঁড়া নামবে কি না, তা নিয়ে চাপা টেনশন তৈরি হয়েছে। কারণ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আনুগত্যের বদলে  পারফরম্যান্সকেই গুরুত্ব দিতে বলেছেন। স্বভাবতই শহরাঞ্চলে ভোটের নিরিখে পিছিয়ে থাকা ওয়ার্ডের কাউন্সিলার ও সিআইসি সদস্যরা ‘চাকরি’ হারানোর আশঙ্কা করছেন। এক নেতার কথায়, অভিষেকের কথা ধরে দল এগলে, সোনারপুর রাজপুর পুরসভায় সাংগঠনিক ক্ষেত্রে প্রচুর রদবদল হতে পারে।
সম্পর্কিত সংবাদ