Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার নীলগঞ্জে ক্লাবের তোলাবাজি

এবার নীলগঞ্জে ক্লাবের তোলাবাজি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গাড়ির সিএফ করানোর জায়গা নিয়ে বারাকপুরে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। আগে ছিল ক্যান্টনমেন্ট বোর্ডের অতিরিক্ত অর্থ দাবি। এবার একটি ক্লাবের তোলাবাজি। আগে বারাকপুরের এসডিও অফিসের সামনে সিএফ করা হতো। সেজন্য ক্যান্টনমেন্ট বোর্ডকে গাড়ি পিছু ২০০ টাকা ‘ফি’ দিতে হতো। কিন্তু হঠাৎ সেই ফি ২০০ টাকা থেকে এক ধাক্কায় ১২০০ করে দেয় বোর্ড। এমন অবস্থায় বারাকপুর থেকে সরিয়ে বর্তমানে গাড়ির সিএফ করা হচ্ছে নীলগঞ্জে বাস ডিপোতে। কিন্তু সেখানেও উৎপাত শুরু করেছে স্থানীয় একটি ক্লাব। তারা গাড়ি মালিকদের থেকে তোলাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে টিটাগড়ের একটি জুটমিল ও বেলঘরিয়া বাস ডিপোতে সিএফ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তা খতিয়ে দেখছে পরিবহণ দপ্তর।
Advertisement
মহকুমা শাসক এবং বারাকপুরের পরিবহণ দপ্তরের কাছে অভিযোগ জমা পড়েছে যে, বর্তমানে নীলগঞ্জে সি এফ করার জায়গাতেই স্থানীয় একটি ক্লাব তোলাবাজি করছে। অভিযোগ, ওই ক্লাবটি গাড়ি পিছু ১৫০ টাকা করে তোলা চাইছে। এতে বিপাকে পড়েছেন গাড়ির মালিকরা। তাঁদের বক্তব্য, পরিবহণ দপ্তর থেকে যে জায়গা ঠিক করে দিয়েছে, সেখানেই আমরা গাড়ি রাখি। তাহলে কেন আমাদের টাকা দিতে হবে? আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করি এনিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। বারাকপুর মহকুমা পরিবহণ দপ্তরের আধিকারিক শঙ্খশুভ্র ভট্টাচার্য বলেন, ট্রাক সহ একাধিক যানবাহনের মালিকদের থেকে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে আমি অভিযোগ পেয়েছি। স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। জায়গার সমস্যার কারণেই এমন ঘটছে। প্রশাসনের কাছে একটি স্থায়ী জায়গা চেয়েছি। দু’টি জায়গা চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট কোনও জায়গা পেলে আগামী দিনে এই সমস্যা আর থাকবে না।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক বলেন, নীলগঞ্জের ওই জায়গা পরিবর্তনের জন্য আমি ইতিমধ্যে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছি। এজন্য টিটাগড়ে একটি জায়গাও দেখা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ