Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

এবার ‘কনসার্ট ইকনমি’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

এবার ‘কনসার্ট ইকনমি’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভুবনেশ্বর: ‘কনসার্ট ইকনমি’। নতুন এই শব্দবন্ধ শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। সম্প্রতি ভারতে এসে পাঁচটি লাইভ কনসার্ট করেছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। প্রতিটি কনসার্টেই ভিড় উপচে পড়েছিল অনুরাগীদের। এই উত্সাহ নজর কেড়েছে প্রধানমন্ত্রীরও। আর তাই কনসার্টকে ঘিরে অর্থনীতি গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন তিনি। মঙ্গলবার ওড়িশার ভুবনেশ্বরে ‘উত্কর্ষ ওড়িশা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলুক রাজ্য সরকারগুলি। বেসরকারি সংস্থাগুলিকেও একই আহ্বান জানিয়েছেন তিনি। কনসার্ট ইকনমি গড়ে উঠলে রাজ্যগুলি আদতে উপকৃত হবে বলেই জানান মোদি।
Advertisement
এদিন তিনি বলেন, ‘আপনারা মুম্বই ও আমেদাবাদে কোল্ডপ্লে’র কনসার্টের ছবি নিশ্চয়ই দেখেছেন। লাইভ কনসার্টের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে। সারা বিশ্বের বড় বড় শিল্পীরা ভারতে অনুষ্ঠান করতে আগ্রহ প্রকাশ করছেন।’ তাঁর মতে, দেশে ‘কনসার্ট ইকনমি’ ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতে সঙ্গীত, নাচের বিরাট ঐতিহ্য রয়েছে। কনসার্টে যাওয়ার মতো শ্রোতার সংখ্যাও প্রচুর। গত দশ বছরে কনসার্ট ও লাইভ অনুষ্ঠানের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। 
জানুয়ারির শুরুতে মুম্বইয়ে তিনটি কনসার্ট করেছিল কোল্ডপ্লে। ২৫ ও ২৬ জানুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাদের দুটি কনসার্ট ছিল। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ‘বন্দে মাতরম’ ও ‘মা তুঝে সালাম’-এর মতো গানও গেয়েছিল ব্রিটিশ ব্যান্ডটি। ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন কনসার্ট সেরে কুম্ভমেলাতেও গিয়েছেন। সাধারণ ভক্তদের পাশাপাশি শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, যশপ্রীত বুমরাহ, কার্তিক আরিয়ান সহ একাধিক তারকাও কোল্ডপ্লে’র কনসার্টে উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ