Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার কলকাতার ধাঁচে শিলিগুড়িতে মডেল স্কুল চালুর উদ্যোগ পুরসভার

এবার কলকাতার ধাঁচে শিলিগুড়িতে মডেল স্কুল চালুর উদ্যোগ পুরসভার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দানে মিলেছে জমি। তাতে কলকাতার আদলে ইংরেজি মাধ্যম মডেল স্কুল গড়বে শিলিগুড়ি পুরসভা। সংশ্লিষ্ট স্কুলে এলকেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হবে। সোমবার পুরভবনে এমন পরিকল্পনার কথা জানান মেয়র গৌতম দেব। তিনি বলেন, দানশীল কবিলাল বর্মন চার বিঘা জমি দান করেছেন। তাঁর পরিবারের কারও নামেই ওই স্কুল গড়া হবে। শীঘ্রই এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করব। 
Advertisement
শিলিগুড়ি শহর কার্যত এডুকেশন হাবে পরিণত হয়েছে। সরকার পোষিত স্কুলের পাশাপাশি শহর ও শহরতলিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য বেসরকারি স্কুল। যারমধ্যে কিছু মিশনারি স্কুলও আছে। এই অবস্থায় শহরে ইংরেজিমাধ্যম স্কুল চালু করতে উদ্যোগী পুরসভা। মেয়র বলেন, কলকাতা পুরসভা তিন-চারটি স্কুল পরিচালনা করছে। সেই কায়দায় রাজ্য শিক্ষাদপ্তরের অনুমতি নিয়ে আমরাও একটি স্কুল চালানোর পরিকল্পনা নিয়েছি। সরকার পোষিত স্কুলে ছাত্রছাত্রীদের কাছ থেকে যেমন ফি নেওয়া হয়, এখানেও ঠিক তেমনই ফি নেওয়া হবে। 
ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য জমিও মিলেছে। শহরের ইন্দিরা গান্ধী ময়দানের পাশে সেই জমি রয়েছে। মেয়র বলেন, শহরের ৪১ নম্বর ওয়ার্ডে পাটেশ্বরী হাইস্কুল গড়তে জমি দিয়েছিলেন কবিলাল বর্মন। দানশীল ওই ব্যক্তি ইন্দিরা গান্ধী ময়দানের পাশে চার বিঘা জমি পুরসভাকে দান করেছেন। শীঘ্রই সংশ্লিষ্ট জমি ঘেরা দেওয়া হবে। রাজ্য সরকারের অনুমোদন মিললেই সেখানে স্কুল তৈরির কাজে হাত দেওয়া হবে। 
প্রসঙ্গত, শহরে প্রায় দু’বছর ধরে কোচিং সেন্টার চালাচ্ছে পুরসভা। বর্তমানে ছাত্রছাত্রী ২৪০ জন। মেয়র বলেন, আমাদের ওই কোচিং সেন্টার সফল হয়েছে। তাতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। স্কুলও সফল হবে বলেই আশা করছি। 
এদিকে, এদিন শহরের তেনজিং নোরগে বাস টার্মিনাস অ্যাডভাইসারি কমিটির বৈঠক করা হয়। বৈঠকে মেয়র ছাড়াও এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও মহকুমা পুলিস, প্রশাসন ও এসজেডিএ’র আধিকারিকরা ছিলেন। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান তথা মেয়র বলেন, তেনজিং নোরগে বাস টার্মিনাসের পরিকাঠামো সংস্কার করা হচ্ছে। সংশ্লিষ্ট কিছু কাজের জন্য পুরসভার এনওসি চেয়েছে এসজেডিএ। তা শীঘ্রই দেওয়া হবে। সেখানে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার কাজ হবে। 
জংশন এলাকা থেকে ভলভো বাস পরিবহণ নগরের টার্মিনাসে স্থানান্তরিত করা হবে। এজন্য দু’ কোটি টাকায় সংশ্লিষ্ট টার্মিনাসের পরিকাঠামো সংস্কার করবে এসজেডিএ। তারা প্রস্তাবিত প্রকল্পটি পরিবহণ দপ্তরে পাঠিয়েছে। তা অনুমোদনের জন্য অর্থদপ্তরের কাছে পাঠিয়েছে পরিবহণ দপ্তর। শীঘ্রই সেই প্রকল্প অনুমোদন হবে বলেই আশা করছি। হিমূল ক্যাটেল ফিল্ডের মাঠে তৈরি করা হবে আরএকটি স্ট্যান্ড। আর তিনবাত্তির স্ট্যান্ডটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে লোকাল রুটে আরও কিছু বাস চালাবে এনবিএসটিসি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ