Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার বীরভূমে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর

এবার বীরভূমে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: এবার উচ্চমাধ্যমিকে  মোবাইল ও ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে পড়ুয়াদের। গত বছর পর্যন্ত স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতেই শুধু মাত্র এই যন্ত্র ব্যবহার করা হয়েছিল। কিন্তু এবার নকল রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
এছাড়াও ২০২৬ সালে প্রথমবার ওএমআর সিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষার ধাঁচেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ওএমআর সিটে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 
বুধবার সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে জেলার উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বীরভূম জেলার জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ আরও অনেকে। সেই সঙ্গে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেনু সুপারভাইজারে দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বিভিন্ন স্কুলে মোট ৩০টি প্রধান পরীক্ষা কেন্দ্র এবং ৬০টি সাব পরীক্ষা কেন্দ্র থাকবে। প্রায় ২৭ হাজার পড়ুয়া এবারও এই জেলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। এবার পুরনো পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সংসদের রাজ্য সভাপতি তাঁর বক্তব্যে এবার পরীক্ষায় গৃহীত নতুন ও পুরনো পদক্ষেপ নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অবহিত করেন। 
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এবার থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। কারণ গত বছর বা তার আগের বছর অনেকেই পরীক্ষা দিতে যাওয়ার সময় ভুল পরীক্ষা কেন্দ্রে চলে যায়। এবার পরীক্ষা হবে ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত।  ২৫ ফেব্রুয়ারির মধ্যে জেলার কন্ট্রোলরুমে প্রশ্নপত্র পৌছে দেওয়া হবে। তবে এবার প্রশ্ন সর্টিং করার প্রয়োজন থাকবে না। রাজ্য থেকেই প্রশ্ন সর্টিং করে পাঠানো হবে। ফলে একেবারে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে। প্রশ্নের নিরাপত্তার কথা মাথায় রেখে এটা করা হচ্ছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে নুন্যতম দুটি সিসি ক্যামেরা লাগাতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে একজন মহিলা পুলিস সহ মোট চারজন পুলিস কর্মী থাকবেন। এছাড়াও প্রশ্নপত্রের কিউআর কোড থাকবে। উত্তরপত্রেও সেই কোড লেখা হবে। এবার প্রথম প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। যাতে মোবাইল, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ার ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে যেন কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে।  
তিনি আরও বলেন, এবার থেকে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ  শ্রেণি মিলিয়ে চারটি পরীক্ষা হবে। সেই চারটি পরীক্ষার মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে যে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হতে চলছে সেটা প্রথমবার ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ