নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার বাংলা সহায়তা কেন্দ্র থেকে ফায়ার লাইসেন্সের আবেদন করা যাবে। রাজ্য সরকারের পরিষেবা প্রদানের তালিকায় এটি নতুনভাবে সংযোজিত হচ্ছে। আবাসন, দোকান, কারখানা ইত্যাদি নির্মাণের জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কি না, সেই ছাড়পত্র প্রয়োজন হয়। এই ফায়ার লাইসেন্স পেতে গেলে আগে বিভিন্ন অফিসে দৌড়তে হতো আবেদনকারীকে। কিন্তু এবার থেকে কোনও বিএসকে-তে গিয়েই এই লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে এই বিষয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের এক প্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে বলে খবর। উল্লেখ্য, বর্তমানে বিএসকে থেকে ৩০৫টি পরিষেবা প্রদান করা হয়। এই সহায়তা কেন্দ্রগুলি উত্তরোত্তর জনপ্রিয় হচ্ছে। রাজ্য সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে।



