Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

১৪ বছর পর দলীপে চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল

ক্যাপ্টেন ঈশান কিষানের ম্যাজিক অব্যাহত। কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে ইতিহাসে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে ঝাড়খণ্ড।

১৪ বছর পর দলীপে চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ক্যাপ্টেন ঈশান কিষানের ম্যাজিক অব্যাহত। কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে ইতিহাসে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে ঝাড়খণ্ড। এবার বাঁ হাতি উইকেটরক্ষক ব্যাটার কাটালেন দলীপের খরাও। দীর্ঘ ১৪ বছর পর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। সৌজন্যে ব্যাট হাতে ঈশান কিষানের দুরন্ত পারফরম্যান্স। প্রথম ইনিংসে ২৭০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮০ রান করে ম্যাচের সেরা তিনি।

Advertisement

দেওয়াল লিখন অবশ্য প্রথম ইনিংসেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ঈশানের ডাবল সেঞ্চুরি ও কুমার কুশাগ্রার শতরানের সুবাদে পাহাড়প্রমাণ ৭০৮ রান তোলে পূর্বাঞ্চলে। জবাবে ৩৩৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। তবে ক্যাপ্টেন ঈশান ফলো-অন করানোর সিদ্ধান্ত নেননি। কারণ, ম্যাচের ফল না হলে প্রথম ইনিংসে লিডের সুবাদে এমনিতেই ট্রফি নিশ্চিত। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষদিনে পূর্বাঞ্চল ৭ উইকেটে ৩৮৮ রান তুললে ম্যাচের সমাপ্তি হয়। অর্থাত্, ২০১২-১৩ মরশুমের পর আবারও দলীপ চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। ম্যাচ শেষে ক্যাপ্টেন ঈশানের মন্তব্য, ‘দলগত পারফরম্যান্সেই সাফল্য এসেছে। ক্যাপ্টেন হিসাবে দায়িত্বটা উপভোগ করেছি। প্রথম ইনিংসে আমাদের লক্ষ্য ছিল, বড়ো স্কোর তোলা। আমরা প্রায় ২ দিন ব্যাট করেছি। তাতে ট্রফি জয়ের পথ প্রশস্ত হয়। সত্যি বলতে দলীপ চ্যাম্পিয়ন হতে পেরে খুবই খুশি।’ এদিকে, দলীপ ফাইনাল সামির ১০০তম প্রথম শ্রেণির ম্যাচ ছিল। তাতে চ্যাম্পিয়ন হতে পেরে আপ্লুত বাংলার পেসার। তিনি বলেন, ‘১০০তম ম্যাচে এই সাফল্য পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। এখন যাই ম্যাচ খেলি সেরাটা মেলে ধরার মানসিকতা থাকে। টিমে বৈভব ছিল। ওর বয়সের সমান আমার কেরিয়ার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ