নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল শুরুর আগেই বড় ধাক্কা ইস্ট বেঙ্গলে। চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে কেভিন সিবলেকে পাবে না লাল-হলুদ ব্রিগেড। সূত্রের খবর, ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে ইতিমধ্যেই দেশে ফিরেছেন তিনি। কবে ফিরবেন? তা নিয়েও ধোঁয়াশা। সবমিলিয়ে মাথায় হাত ম্যানেজমেন্টের। আর্জেন্তাইন ডিফেন্ডার চলতি মরশুমে অন্যতম সেরা। কোচ অস্কার ব্রুজোঁর বড় ভরসা সিবলে-আনোয়ার জুটি। কিন্তু সিবলে না থাকায় নতুনভাবে ঘুটি সাজাতে হবে স্প্যানিশ কোচকে। ডুরান্ড কাপ ও সুপার কাপে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। কিন্তু পিঠের ব্যথায় তাল কাটে। রিহ্যাব সেরে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে চেষ্টার কসুর ছিল না। তবে অনুশীলনে সিবলেকে স্প্রিন্ট টানানো হতেই হ্যামস্ট্রিং পুল হয়। আপাতত বিশ্রাম ছাড়া উপায় নেই। তাই তাঁকে নিয়ে বেশ উদ্বিগ্ন থিঙ্কট্যাঙ্ক।
চলতি মরশুমে প্রতিটি দল ১৩ টি করে ম্যাচ খেলবে। তাই পা হড়কালেই সমস্যা। এমন পরিস্থিতিতে কবে মাঠে ফিরবেন সিবলে তা নিয়ে উদ্বেগ থাকছেই। ইতিমধ্যেই ৬ বিদেশি সই করিয়েছে লাল-হলুদ টিম-ম্যানেজমেন্ট। সেখানে সিবলেই একমাত্র বিদেশি ডিফেন্ডার। তিনি না থাকলে অল ইন্ডিয়ান ডিফেন্সই অস্কারের ভরসা। সেক্ষেত্রে স্টপারে আনোয়ারের সঙ্গী হতে পারেন লালচুংনুঙ্গা বা জিকসন। অন্যদিকে রাইট-উইং ব্যাক রাকিপও আনফিট। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পান তিনি। চোখের ঠিক উপরে ৮টি সেলাই পড়ে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রাকিপও অনিশ্চিত। এর আগে হাঁটুর চোটের কারণে প্রায় এক মাসের জন্য ছিটকে গিয়েছেন নাওরেম মহেশ। ফলে মাঠে বল গড়ানোর আগেই চোটে জর্জরিত ইস্ট বেঙ্গল। এমন পরিস্থিতিতে প্রেসিং ফুটবলই অস্কারের ভরসা। মাঝমাঠে তিন বিদেশি দলের মেরুদণ্ড। সাউল, রশিদ ও মিগুয়েলের কম্বিনেশন কাজে লাগাতে চান স্প্যানিশ কোচ। সিঙ্গল স্ট্রাইকারের ফর্মেশনে স্প্যানিশ ইউসেফ এজেজ্জারিকে তৈরি রাখা হচ্ছে। সেক্ষেত্রে নর্থ ইস্টের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে ইউসেফের।