ইস্ট বেঙ্গল-৩ : কাস্টমস-১
ইস্ট বেঙ্গল-৩ : কাস্টমস-১
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরাজিত থেকেও কলকাতা লিগ হাতছাড়া হয়েছে! আইএফএ শিল্ড জিতে সেই আক্ষেপ মেটাতে বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিল্ডে অভিযান শুরু লাল-হলুদ ব্রিগেডের। পিছিয়ে পড়েও প্রতিক্ষকে টেক্কা দিল মশাল বাহিনী। তবে কাস্টমসের দুরন্ত লড়াই নিঃসন্দেহে তারিফযোগ্য। ইস্ট বেঙ্গলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন রোহিত কুমার, রোহিত দানু ও আকাশ হেমব্রম। আর কাস্টমসের একমাত্র গোলটি রিকি ঘরামির।
নিম্নচাপের জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে মাঠও বেহাল। বৃহস্পতিবার প্রথমার্ধে সমর্থকদের একপ্রকার হতাশই করল ইস্ট বেঙ্গল। বাঁ প্রান্তে রিকি ঘরামিই মাটি ধরালেন বরিস সিংকে। কাস্টমসের তরুণ ফুটবলাররা শৌভিককেও ধুতরো ফুল দেখালেন। গ্যালারিতে আলোচনা, এবার অবসর নেওয়ার সময় হয়েছে ওর। যাই হোক, ম্যাচের ১২ মিনিটে পিছিয়েও পড়ে বিনো জর্জ-ব্রিগেড। উইং থেকে কাট করে লাল-হলুদ বক্সে ঢোকেন রিকি। তাঁকে রুখতে শট নেন নরেন্দর। সেই বল রিকির পায়ে লেগে জালে জড়ায় (১-০)। ২৯ মিনিটে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরান রোহিত কুমার। এক্ষেত্রে বরিস সিংয়ের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ লাল-হলুদ মিডিওর (১-১)। সমতায় ফিরলেও প্রথমার্ধে রীতিমতো ছন্নছাড়া লাল-হলুদ ব্রিগেড। আন্তোনিও লোপেজ হাবাস কলকাতা লিগে কোনো সিনিয়র ফুটবলারকে ছাড়েননি। এদিন নরেন্দর, বরিস, শৌভিক, রোহিত কুমার, রোহিত দানু ও জেসিন— মোট ছ’জন সিনিয়র ফুটবলার রেখেছিলেন বিনো। কিন্তু লিগের দলের কাউকেই চেনেন না তাঁরা। একসঙ্গে অনুশীলনও করেননি। ফলে আকাশ, বিজয়দের সঙ্গে তাঁদের বোঝাপড়ার অভাব প্রকট। কাস্টমসের দৌড়ে লাল-হলুদ রক্ষণ চাপে পড়ল বারবার। একপ্রকার বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধে জয় বাজকে রাইট ব্যাকে নামালেন কোচ। প্রান্ত বদলে বরিসকে পাঠানো হল লেফট উইং ব্যাকে। তাতেই কিছুটা গা ঝাড়া দিল ইস্ট বেঙ্গল। ৫২ মিনিটে লিডও নেয় তারা। বরিসের থেকে বল পেয়ে আকাশ হেমব্রমের ঠিকানা লেখা ক্রস থেকে লক্ষ্যভেদ রোহিত দানুর (২-১)। এই পর্বে আক্রমণে আধিপত্য থাকলেও গোলের ব্যবধান বাড়ছিল না লাল-হলুদ ব্রিগেডের। এর দায় নিতে হবে জেসিনকে। একাই হ্যাটট্রিকের সুযোগ হারালেন তিনি। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে বিলালের ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন আকাশ (৩-১)।
ইস্ট বেঙ্গল: গৌরব, বরিস, মনোতোষ, নরেন্দর, বিক্রম (জয়), শৌভিক (আনন্থু), দানু (বিলাল), রোহিত (বাতাস), আকাশ, বিজয়, জেসিন।