Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ কাস্টমসের চ্যালেঞ্জ টপকাতে তৈরি ইস্ট বেঙ্গল

ডুরান্ড কাপ চাম্পিয়ন। তবে সুপার সিক্সের লড়াইয়ে দু’পয়েন্টের জন্য হাতছাড়া হয়েছে ঘরোয়া লিগ। তাই লাল-হলুদ শিবিরের চোখ এবার আইএফএ শিল্ডে।

আজ কাস্টমসের চ্যালেঞ্জ টপকাতে তৈরি ইস্ট বেঙ্গল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ চাম্পিয়ন। তবে সুপার সিক্সের লড়াইয়ে দু’পয়েন্টের জন্য হাতছাড়া হয়েছে ঘরোয়া লিগ। তাই লাল-হলুদ শিবিরের চোখ এবার আইএফএ শিল্ডে। ২০১৮ সালে শেষবার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেতাব জয়ের স্বাদ পেয়েছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। দীর্ঘ ৮ বছর পর শিল্ড ঘরে তুলতে মরিয়া ইস্ট বেঙ্গল। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’এর ম্যাচের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে সিনিয়র ফুটবলার ছাড়তে চাননি হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ক্লাব সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ফুটবলার ছাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন স্প্যানিশ কোচ। এমন পরিস্থিতিতে রিজার্ভ দলের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

ঘরোয়া লিগে কাস্টমসের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিল ইস্ট বেঙ্গল। তবে চোট আর অফিস খেলার থাকায় রিজার্ভ দলের বেশ কয়েকজন ফুটবলারকে বৃহস্পতিবার পাবেন না কোচ অর্চিষ্মান বিশ্বাস। বিশেষত রক্ষণে অঙ্কন ভট্টাচার্য ও চাকু মান্ডির না থাকাটা অবশ্যই বড়ো ধাক্কা। তারউপর নিম্নচাপ অর্ণবের প্রভাবে বুধবার সারাদিন আকাশের মুখ ভার ছিল কলকাতার। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে। তাই বৃহস্পতিবার ভারী মাঠে ফুটবলারদের জন্য কাজটা সহজ হবে না। 
এদিকে, মহমেডান স্পোর্টিং শিল্ড থেকে সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পায় ক্যালকাটা কাস্টমস। মাত্র দু’টির প্রস্তুতিতে বৃহস্পতিবার দল মাঠে নামাতে চলেছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। মূলত ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের উপরই আস্থা রাখছে এই অফিস দলটি। পাশাপাশি অগাস্টিন ও পিটারকে দুই বিদেশিকে সই করিয়েছে তারা। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ‘আইএফএ আমাদের পেরেন্ট বডি। তাদের  থেকে শিল্ডে খেলার প্রস্তাব ফেরাতে পারিনি। তবে প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় পেলে ভালো হত। যাই হোক, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েও ছেলেরা সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।’ উল্লেখ্য, গ্রুপ টু’তে ইস্ট বেঙ্গল ও কাস্টমসের পাশাপাশি রয়েছে পাঞ্জাব এফসি। গ্রুপ পর্ব শেষে সেরা দু’টি দল পৌঁছাবে সেমি-ফাইনালে।
 ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়।
সরাসরি ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ