নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলনেই এলেন না নাচো। স্প্যানিশ স্টপারকে নিয়ে উদ্বেগ বাড়ছে ইস্ট বেঙ্গলে। বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগ টু-এর যোগ্যতা পর্বে লাল-হলুদ ব্রিগেডের সামনে কুয়েতের আল আরবি। শক্তিশালী দলের বিরুদ্ধে রক্ষণ পোক্ত রাখা দরকার। কিন্তু চোটের কারণে অনিশ্চিত নাচো। সেক্ষেত্রে অল ইন্ডিয়ান ডিফেন্সেই ভরসা রাখতে হবে হাবাসকে। ডুরান্ড কাপে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে নাচোকে খেলিয়েছিলেন হাবাস। তবে হাঁটুর সমস্যার কারণে বিরতিতে তুলে নিতে বাধ্য হন। চলতি মরশুমে কেভিন সিবলের পরিবর্তে নাচোকে নিয়েছে ইস্ট বেঙ্গল। কিন্তু তাঁকে নিয়ে চিন্তা থাকছেই।
এদিকে, রবিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রস্তুতি সারল আল আরবি। ৬ বিদেশি ছাড়াও কুয়েতের জাতীয় দলের ৪ ফুটবলার তাদের বড়ো ভরসা। এরমধ্যে কলকাতায় খেলে যাওয়া ফিকরুর সঙ্গে খেলেছেন ইথিওপিয়ার মালেকো। যুবভারতীতে ইস্ট বেঙ্গলকে হারাতে আত্মবিশ্বাসী আল আরবি। কলকাতায় আসার আগে তুরস্কে ২০ দিনের প্রি-সিজন সেরেছে দলটি। অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচে কম্বিনেশন ঝালিয়ে নিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় ইস্ট বেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।



