২৪৯ তুলেও হোপের সেঞ্চুরিতে হার ভারতের
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: যাবতীয় সংশয় উড়িয়ে সঞ্জু স্যামসনের স্বমহিমায় ফেরাও জেতাতে পারল না! শুক্রবার মহেন্দ্র সিং ধোনির শহরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শাই হোপ (অপরাজিত ১০২) ও শেরফানে রাদারফোর্ডের (৮৪) দাপটে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ (২৫২-৪)। এই হারে প্রশ্নের মুখে ভারতীয় বোলিং। অন্যদিকে, জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারী দল। রবিবার ইন্দোরে সিরিজের তৃতীয় ম্যাচ। 

Advertisement

এদিন তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে চার ওভারের মধ্যে ৪২ তোলে ভারত। অভিষেক শর্মা (১২ বলে ২০) ফেরার পর ‘লোকাল বয়’ ঈশান কিষানের সঙ্গে জুটি বাঁধেন সঞ্জু। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৯৭ যোগ করেন দু’জনে। এরমধ্যে ঈশানের অবদান ২২ বলে ৪৩। আগের চার ইনিংসে ব্যর্থতার পর এদিন ঝড় তোলেন সঞ্জু। তাঁর ব্যাটে ৪১ বলে আসে ধুন্ধুমার ৮২। আন্তর্জাতিক টি-২০তে নবম অর্ধশতরানে পৌঁছাতে তিনি নেন মাত্র ২১ বল। সেটাই গড়ে দেয় বড়ো রানেৱ ভিত। সেই সময় সঞ্জুর সেঞ্চুরি নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু তা না এলেও ২০০ স্ট্রাইক রেটে ৯টি চার ও ৪টি ছক্কা নিশ্চিতভাবেই চাপ কমাবে তাঁর। বিশেষ করে বৈভব সূর্যবংশীর নিঃশ্বাস যখন ঘাড়ের উপর পড়ছে প্রতি মুহূর্তে!
সঞ্জু ফেরার পর তিলক ভার্মা (অপরাজিত ৪৪), ঈশান কিষান (৪৩) ও ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের (৪০) সৌজন্যে ভারত ৫ উইকেটে ২৪৯ রানে পৌঁছায়। চারে নামা শিবম দুবে (৭) অবশ্য সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ। তবে শ্রেয়স-তিলক ঝড় তোলেন স্লগে। দু’জনে ৩২ বলে যোগ করেন ৮৩ রান। এই জুটিই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ঘরানায় সর্বাধিক রানে পৌঁছে দেয় টিম ইন্ডিয়াকে। সফরকারী দলের সফলতম বোলার রোস্টন চেজ (৩-২৪)।
২৫০ রানের টার্গেট তাড়া করে জেতার লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন মায়াঙ্ক যাদব। এক্সপ্রেস পেসে তিনি ফেরান কামিল পুরান ও শিমরন হেটমায়ারকে। ষষ্ঠ ওভারে রভম্যান পাওয়েলের স্টাম্পও ছিটকে দেন তিনি। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ক্যারিবিয়ানদের লড়াইয়ে রাখেন ক্যাপ্টেন শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। ২৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন হোপ। সমসংখ্যক বলেই অর্ধশতরান করেন রাদারফোর্ড। দু’জনের জুটিতে চতুর্থ উইকেটে ৫৪ বলে ওঠে ১২০ রান। এরপর রোমারিও শেফার্ডের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২৬ বলে ৭৪ রান যোগ করেন হোপ। সেটাই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজের।