নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বি যার, আইএসএল তার। বড় ম্যাচের স্লোগান চড়ছে ময়দানে। তার আগে যুবভারতীতে ইস্ট বেঙ্গলের অনুশীলনে এদিন অন্য নাটক। এদিন টিম হার্ডলে অংশগ্রহণের পর হঠাৎ মাঠ ছাড়েন গোলরক্ষক প্রভসুখন গিল। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের। তবে গাড়িতে ওঠার আগে অবশ্য জল্পনায় জল ঢাললেন কোচ অস্কার ব্রুজোঁ। গিলের জ্বর। তাই বিশ্রাম দেওয়া হয়েছে পাঞ্জাবি গোলরক্ষককে।। বাকিদের বডি ল্যাঙ্গুয়েজে তাগিদ স্পষ্ট। তবে কোচ অস্কারের চিন্তা মাঝমাঠ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন নাওরেম মহেশ। এরপর সেই তালিকায় নাম উঠেছে সাউল ক্রেসপো। এদিন ক্রাচ নিয়ে দলের ফটোসেশনে যোগ দিতে মাঠে এসেছিলেন তিনি। দেখলেন অনুশীলন। যাই হোক, সাউলের অভাব পূরণ করাই চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের। এদিন মিডফিল্ডে রশিদের সঙ্গে জিকসনকে ব্যবহার করতে দেখা গেল অস্কারকে। ম্যাচ সিচুয়েশনে দীর্ঘক্ষণ এই জুটিকে ঝালিয়ে রাখলেন তিনি। পাশাপাশি পছন্দের তিন ব্যাক ফর্মেশনের বদলে চার ডিফেন্ডারে প্র্যাকটিস কারেলন কোচ অস্কার। সেক্ষেত্রে ডিপ ডিফেন্সে আনোয়ার ও সিবলে ছাড়াও দুই উইং ব্যাক জয় গুপ্তা ও রাকিপ। তবে আনোয়ার পুরো ফিট নন। পাঞ্জাবের বিরুদ্ধে মাঝপথে তুলে নিতে হয় তাঁকে। তাই লালচুংনুঙ্গাকে তৈরি রাখা হচ্ছে।



