নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের কলকাতায় জনজোয়ার। তবে দ্বিতীয় সপ্তমীতে ইস্ট বেঙ্গল সমর্থকদের মন পড়ে থাকবে গোয়ায়। মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করবে হাবাস ব্রিগেড। আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে এবার বেজায় চাপে আনোয়ররা। কয়েকদিন আগে আইএফএ শিল্ড ফাইনালে মোহন বাগানের কাছে পরাজয় কাঁটার মতো বিঁধছে। এসিএল টু’তে ইরাকের আল শোর্তার বিরুদ্ধে হারের স্মৃতিও দগদগে। কঠিন পরিস্থিতিতে চার্চিলকে টেক্কা দিতে মরিয়া আন্তোনিও লোপেজ হাবাস। তবে কাজটা বেশ কঠিন। ম্যাচের আগের দিন দু’টি পর্বে গোয়ায় পৌঁছালেন কোচ-ফুটবলাররা। বিকেলের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে প্যাচপ্যাচে আর্দ্রতায় ফুটন্ত কড়াই মনে হতে বাধ্য। ম্যাচের আগে সেটাই চিন্তায় রাখছে লাল-হলুদের স্প্যানিশ কোচকে। অজি বিদেশি ক্রিস ইকোনমিডসে স্কোয়াডে জায়গা পাননি। শোনা যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে মোটেও খুশি নয় টিম ম্যানেজমেন্ট।
আইএসএলে অভিষেকেই মুম্বইকে বশ মানিয়ে চমকে দিয়েছে আলেমাও চার্চিলের দল। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তারা। শেষবার ২০১৯-২০ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। যুবভারতীতে সেই ম্যচে ১-১ গোলে ড্র হয়। বিশেষজ্ঞদের ধারণা, রবিবারের ফাতোরদাতেও কঠিন লড়াই অপেক্ষা করছে। চার্চিলের গ্রিক কোচ দিমিত্রিস টাফ ফুটবল খেলাচ্ছেন। প্রতি-আক্রমণেও বিপজ্জনক তারা। তবে গোয়ার দলটি বুনো ওল হলে হাবাসও বাঘা তেঁতুল। উইং থেকে চাপ বাড়িয়ে চার্চিলকে পকেটে পুরতে মরিয়া তিনি। বিষ্ণু, বিপিন, দানুর মতো উইং হাফ তাঁর সম্পদ। পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবহার করা হবে। পাশাপাশি বিদেশি স্ট্রাইকার লুকাসকে নিয়েও আলাদা পরিকল্পনা রয়েছে।



