নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলন শেষে হতেই তড়িঘড়ি মাঠ ছাড়লেন অস্কার ব্রুজোঁ। আসলে দ্রুত হোটেলে ফিরতে চেয়েছিলেন স্প্যানিশ কোচ। অসংখ্য লাল-হলুদ সমর্থকের মতো মোহন বাগান বনাম গোয়া ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন অস্কারও। খেলা ড্র হতেই একরাশ স্বস্তি ইস্ট বেঙ্গল ড্রেসিং-রুমে। আইএসএল খেতাব ও লেসলি ক্লডিয়াস সরণির দূরত্ব কমছে। বাকি ৩ ম্যাচ জিতলেই মশাল জ্বলবে দাউদাউ করে। খেতাব জয়ের হাতছানির সামনে অতীতে বহুবার মুখ থুবড়ে পড়ছে ইস্ট বেঙ্গল। কিন্তু এবার সুযোগটা কোনোমতেই হাতছাড়া করতে নারাজ মিগুয়েলদের স্প্যানিশ কোচ। সোমবার পাঞ্জাবকে হারিয়ে মোহন বাগানের উপর চাপ আরও বাড়াতে চান অস্কার। উল্লেখ্য, ১০ ম্যাচে ১৮ পয়েন্ট পাঞ্জাবের। যুবভারতীতে কামিংসের শেষ মুহূর্তের গোলে পাঞ্জাবকে বশ মানায় মোহন বাগান। এফিয়ং, ওসুজিদের হেলাফেলা করলে বিপদ অনিবার্য। চলতি টুর্নামেন্টে ১৫ টি গোল করেছে পাঞ্জাব। তার মধ্যে একা এফিয়ংয়ের লক্ষ্যভেদের সংখ্যা ৭।



