২০২৫-এ হৃতিক রোশনের ২৫ বছর বয়স হবে। চমকে গেলেন? না! আপনি ভুল পড়েননি। সত্যিই হৃতিকের বয়স হবে ২৫। তবে তা তাঁর অভিনয়ের কেরিয়ারের বয়স। হৃতিকের প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পেয়েছিল ১৪ জানুয়ারি, ২০০০। সে ছবি বদলে দিয়েছিল হৃতিকের কেরিয়ার। একে একে নানা ধরনের চরিত্রে নিজেকে ভেঙেছেন অভিনেতা। তবে প্রথম ছবির আবেগ একেবারে আলাদা। ২৫ বছর পর সেই ছবি পুনরায় মুক্তি পেতে চলেছে। পরিকল্পনা করেছেন হৃতিকের বাবা তথা প্রযোজক, পরিচালক রাকেশ রোশন। সূত্রের খবর, আগামী ১০জানুয়ারি ফের মুক্তি পাবে ছবিটি। সেদিনই হৃতিকের জন্মদিন। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন নায়ক। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন পালন করবেন। তবে এই ৫০ বছরের জন্মদিনে তাঁর সবথেকে বড় প্রাপ্তি হবে প্রথম ছবির পুনর্মুক্তি।



