মুম্বই: ২৯ বছরের দাম্পত্যে ইতি। বিচ্ছেদ হচ্ছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর। মঙ্গলবার রাতে এই খবর নিশ্চিত করেছেন সায়রা নিজেই। সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে সায়রার আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, ‘এ আর রহমানের সঙ্গে প্রায় তিন দশক ধরে বিবাহ-সম্পর্কে ছিলেন সায়রা। তারপরও বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। মানসিকভাবে তাঁদের মধ্যে এতটাই দূরত্ব তৈরি হয়েছে, সেটিকে মেটানো সম্ভব নয়।’ তবে বিচ্ছেদ হলেও দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন সায়রা। বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। এই সময় অনুরাগীদের পাশে থাকার আবেদন জানিয়েছেন দু’জনেই।



