Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামুরাই বিদ্রোহ থামাতে তৈরি ডাচরা

নেদারল্যান্ডস ও জাপানের মধ্যে হাড্ডাহাড্ডি ফুটবল ম্যাচ। ডাচরা সামুরাই বিদ্রোহ থামাতে প্রস্তুত। বিস্তারিত পড়ুন।

সামুরাই বিদ্রোহ থামাতে তৈরি ডাচরা
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: ১৯৭৪ সাল! বিশ্বকাপের আসর বসেছে পশ্চিম জার্মানিতে। রিনাস মিশেলের কোচিংয়ে নেদারল্যান্ডস মাঠে নামল টোটাল ফুটবলের জার্সি পরে। এই দর্শনে প্রতিটা ফুটবলার যে কোনো পজিশনে খেলতে পারেন। দলের প্রয়োজনে ডিফেন্ডার মাঝমাঠে। স্ট্রাইকার মিডফিল্ডে। আবার মিডিও ডিফেন্সে। টিমের নিউক্লিয়াস জোহান ক্রুয়েফ। তবে অসাধারণ পারফরম্যান্স মেলে ধরেও ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে যায় রিনাস-ব্রিগেড। পরের বিশ্বকাপেও খেতাবি লড়াইয়ে আর্জেন্তিনার কাছে স্বপ্নভঙ্গ। আর ২০১০ সালেও ফাইনালে বেদনার বাজনা সঙ্গী। তবে এবার অতীত ভুলে কাপ ছুঁতে চায় রোনাল্ড কোম্যানের দল। সেই লক্ষ্যে রবিবার ডালাস স্টেডিয়ামে গ্রুপ এফ’এর ম্যাচে জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। 

Advertisement

জাপানও অবশ্য ছেড়ে কথা বলবে না। সামুরাইয়ের দেশ কাতার বিশ্বকাপে প্রমাণ করেছে, এখন শুধু অংশগ্রহণেই খুশি নয় তারা। এশিয়ার দেশটি জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার কাছে টাই-ব্রেকারে স্বপ্নভঙ্গ হয়। সেই আক্ষেপ ভুলে জাপানও অবিস্মরণীয় কিছুর জন্য তৈরি। পরিসংখ্যান বলছে, এই দুই দল অতীতে তিনবার মুখোমুখি হয়েছে। তারমধ্যে অফিসিয়াল ম্যাচে ২০১০ বিশ্বকাপে। সেবার জাপানকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ডাচরা। তবে এখন সামুরাইরা সম্পূর্ণ ভিন্ন দল।
রবিবারের লড়াইটা মূলত জাপানের হাই-প্রেসিং ফুটবল বনাম নেদারল্যান্ডসের পজিশনাল গেমের হতে চলেছে। ডাচ দলের বড় সম্পদ মিডফিল্ডে ফ্রেঙ্কি ডে জংয়ের উপস্থিতি। তাঁর সঙ্গে লেফট উইঙ্গে কডি গাকপোর বোঝাপোড়া প্রতিপক্ষকে ছারখার করে দিতে পারে। এছাড়া আক্রমণভাগে আছেন অভিজ্ঞ মেম্ফিস ডিপে। রক্ষণের বড় ভরসা অবশ্যই ভার্জিল ফন ডিক। পক্ষান্তরে, জাপান গতবার প্রথমার্ধে রক্ষণাত্মক এবং দ্বিতীয়ার্ধে হাই-প্রেসিং কাউন্টারে বাজিমাত করেছিল। এবারও সেটাই করতে চাইবেন কুবু, উদেয়ারা। কাগজে-কলমে এই ম্যাচে অবশ্যই এগিয়ে নেদারল্যান্ডস। তবে জাপান আবার ‘কাগজের হিসাব’ মানে না। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ