Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনলাইনে দুর্গাপুজোর পাঠ বিদেশের মহিলা পুরোহিতদের

পুরোহিত কেবল পুরুষই হবে—বদল এসেছে এই ধারণায়। নন্দিনী ভৌমিকের মতো মহিলারা দেখিয়ে দিয়েছেন, মেয়েরাও পৌরোহিত্য করতে পারেন।

অনলাইনে দুর্গাপুজোর পাঠ বিদেশের মহিলা পুরোহিতদের
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা; পুরোহিত কেবল পুরুষই হবে—বদল এসেছে এই ধারণায়। নন্দিনী ভৌমিকের মতো মহিলারা দেখিয়ে দিয়েছেন, মেয়েরাও পৌরোহিত্য করতে পারেন। দৃষ্টান্ত স্থাপন করে তাঁরা বলছেন, মহিলারা যদি যুদ্ধবিমান চালাতে পারেন, তাহলে বিয়ে-পুজোপার্বণও করাতে পারবেন। এরকমই অসম্ভবকে সম্ভব করে ছক ভাঙা আরও এক গল্প এবার হাজির ২০২৫-এর দুর্গাপুজোর ডায়েরিতে!

Advertisement

শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী জেলা নয়, সুদূর নেদারল্যান্ডস থেকে ডাক এসেছে বাংলার মহিলা পুরোহিতদের। আর সেই আবেদনে সাড়া দিয়ে ‘শুভমস্তু’ নামক মহিলা পুরোহিতদের দল যাচ্ছে নেদারল্যান্ডসে দুর্গাপুজো করতে। আবার ‘মহিলা পুরোহিত’ নামক আরও একটি দল পাড়ি দিচ্ছে লন্ডন। সেখানে দুর্গাপুজো করবেন তাঁরা। তবে এই আবহে এবছর তাৎপর্যপূর্ণ ঘটনা হল, প্রবাসী বাঙালি মহিলারাও পুজো-পাঠ শিখে নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। সুইডেন, আমেরিকায় বসবাসকারী বাঙালি মহিলারা পাঠ নিচ্ছেন, কীভাবে দুর্গাপুজো করতে হয়। তা শিখে নিয়ে এবার তাঁরাই প্রবাসে দুর্গাপুজোয় পৌরোহিত্য করবেন। সুইডেন ও আমেরিকা প্রবাসী আট মহিলা এবছর পুজোপাঠের যাবতীয় কৃৎকৌশল শিখে নিয়েছেন। এবার তাঁরাই মায়ের সামনে মন্ত্রোচ্চারণ সহ পুজোপাঠের যাবতীয় পদ্ধতি পালন করবেন। মহিলা পুরোহিতদের সংস্থা ‘শুভমস্তু’র অন্যতম সদস্য নন্দিনী ভৌমিক বলেন, ‘প্রায় চার মাস অনলাইনের মাধ্যমে প্রবাসী আট মহিলা পূজার্চনার যাবতীয় বিষয় শিখে নিয়েছেন। তাঁরাই এবার  সমস্ত রীতি ও নিয়ম মেনে পুজো করবেন। এটা আমার কাছে একটা নস্টালজিক অনুভূতি।’ এ বছর তাঁদের মহিলা পুরোহিত সংস্থা কলকাতায় তিনটি পুজো এবং নেদারল্যান্ডসে একটি পুজোর দায়িত্বে রয়েছে। এছাড়া ‘মহিলা পুরোহিত’ নামে সংস্থাটি কলকাতায় দু’টি পুজো এবং লন্ডনে একটি পুজোর দায়িত্ব পেয়েছে। 
মহিলা পুরোহিত—এরকম একটি বিষয় কয়েক বছর আগেও কল্পনায় আনত না কেউ। কিন্তু সময়ের নিয়মে ধীরে ধীরে সেই পরিস্থিতির বদল হয়েছে। শুরুর দিকে বিয়ে, অন্যান্য পুজোপাঠে তাঁদের অংশ নিতে দেখা গিয়েছে। দিনে দিনে তাঁদের গ্রহণযোগ্যতা বেড়েছে বৃহত্তর সমাজের কাছে। তাই এবার শুধু বাংলা বা ভারত নয়, সাগরপারের একাধিক দেশেও দুর্গাপুজোর পুরোহিত হিসেবে দেখা যাবে এ রাজ্যের এবং প্রবাসে বসবাসরত মহিলাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ