ব্রতীন দাস, মালদহ: দলের নানা নেতার নানা মত। আর এরই জেরে এবার দুর্গাপুজো হচ্ছে না মালদহে বিজেপির জেলা কার্যালয়ে। বিরোধী দলে থাকাকালীন বেশ কয়েক বছর মালদহে বিজেপির জেলা কার্যালয়ে ঘটা করে দুর্গাপুজো হয়েছে। অথচ এবার যখন দল রাজ্যে ক্ষমতায়, তখনই জেলা কার্যালয়ে পুজো বন্ধের সিদ্ধান্ত ঘিরে পদ্ম শিবিরের নেতাকর্মীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে চাপা অসন্তোষ। তাঁদের বক্তব্য, জেলা কার্যালয়ে দুর্গাপুজোয় নেতৃত্বের সঙ্গে খোলামেলা পরিবেশে কর্মীদের মিলিত হওয়ার সুযোগ মেলে।
তাছাড়া পুজোর আয়োজন, খাওয়া-দাওয়া সবটা মিলে আনন্দে কাটে চারদিন। পুজো না হওয়ার খবরে মন ভেঙে যাওয়া বিজেপি কর্মীদের বক্তব্য, রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গঠনের পর আমরা আশা করেছিলাম, এবার আরও বেশি আড়ম্বরের সঙ্গে দলের জেলা কার্যালয়ে দুর্গাপুজো হবে। কিন্তু আচমকা শুনতে পাচ্ছি, এবার নাকি মালদহে বিজেপির জেলা কার্যালয়ে পুজোই হবে না। এতে আমরা আশাহত। এদিকে, এবার দলের জেলা কার্যালয়ে দুর্গাপুজো বন্ধ রাখার পিছনে বিজেপির তরফে একাধিক কারণ দেখানো হয়েছে। ফলে ঠিক কেন এই পুজো বন্ধের সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিন, বিজেপি নেতাদের অনেকে বলেন, দল যাতে সরকারে আসে, সেই প্রার্থনা করে আমরা জেলা কার্যালয়ে তিন বছর দুর্গাপুজো করেছি। এবার যেহেতু দল সরকারে চলে এসেছে, ফলে জেলা কার্যালয়ে আর পুজো করার দরকার নেই। বিজেপির জেলা নেতৃত্বের অপর অংশের আবার বক্তব্য, তৃণমূল সরকারের আমলে আমাদের দলের কর্মীরা কোনো প্যান্ডেলে বসার জায়গা পেতেন না।
কোনো পুজোয় বিজেপির কাউকে ডাকা হত না। ফলে পুজোর ক’দিন যাতে কর্মীদের মন খারাপ করে না কাটে, সেজন্য দলের জেলা কার্যালয়ে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। এবার যেহেতু কোনো প্যান্ডেলে বিজেপি কর্মীদের বসার জায়গা নেই, এমনটা হবে না, সেকারণেই দলের জেলা কার্যালয়ে এবছর দুর্গাপুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও দলের জেলা কার্যালয়ে পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, জেলা কার্যালয়ে দুর্গাপুজো করলে দলের নেতা-কর্মীরা সকাল-সন্ধ্যা সেখানে ভিড় জমাবেন। ফলে পুজোর সময় নিজেদের এলাকায় তাঁদের জনসংযোগে ঘাটতি তৈরি হবে।
তাছাড়া দলের তরফে পুজোর সময় ইংলিশবাজার শহরে ফোয়ারা মোড়ে আমাদের স্টল থাকবে। দলের জেলা কার্যালয়ে পুজো হলে সবাই সেখানেই মেতে থাকবেন, স্টলে বসার লোক পাওয়া যাবে না। সেকারণে এবার জেলা কার্যালয়ে দুর্গাপুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালদহে রাজনৈতিক মহলে অবশ্য চর্চা, এর আগে বিজেপির অন্য জেলা সভাপতির আমলে দলের জেলা কার্যালয়ে দুর্গাপুজো হলেও এবার কেন বন্ধ হল তা নিয়ে উঠছে প্রশ্ন। অজয়ের মন্তব্য, প্রথম থেকেই জেলা কার্যালয়ে দুর্গাপুজো করার পক্ষপাতী ছিলাম না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত। নিজস্ব চিত্র