নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পৃথক প্রতিমা এনেই পুজো হয় লেক কালীবাড়িতে। গত ১০ বছর ধরে হরিপদ চক্রবর্তী উদ্যানে এই পুজো হচ্ছে। কালীবাড়ি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখানে দুর্গাপুজো হয়। মন্দিরের সেবায়েত নিতাইচন্দ্র বসু বলেন, যত দিন গিয়েছে এখানে ভিড় বেড়েছে। একটা সময় মন্দিরের চাতালে পুজোর আয়োজন করা হতো। কিন্তু, তাতেও ভিড় সামাল দেওয়া যেত না। তাই বছর দশেক আগে ওই উদ্যানে শুরু হয় পুজো। আলাদা করে প্রতিমা আনা হয়। তার সঙ্গে মন্দিরে প্রতিষ্ঠিত দুর্গা মূর্তি রাখা হয়। শাস্ত্রে যেমনটা উল্লেখ করা হয়েছে, সেভাবেই সাবেকি রূপে মাকে এনে পুজো করা হয়। ষষ্ঠীর দিন বোধনের পর থেকেই ভোগ হয় এখানে। রোজ তা বিতরণ করা হয়। তবে দশমীর দিন ভাসান দেওয়া হয় না ঠাকুর। একাদশী অথবা দ্বাদশীর দিন নিরঞ্জন হয়। কেন এই সিদ্ধান্ত? নিতাইবাবু বলেন, সব মানুষ যাতে মায়ের দর্শন করার সুযোগ পান, তাই এক দুদিন বেশি রাখা হয় প্রতিমা। আর পাঁচটি পুজোর মতো এখানে মণ্ডপ বা প্রতিমার উদ্বোধনের চল নেই। প্রথা মেনে পুজো শুরু হয়।



