নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপর্যয়ের জেরে বন্ধ লক্ষ্মীর আরাধনা। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ দুর্গত এলাকায় এবার লক্ষ্মীপুজো হচ্ছে না। জলবন্দি বাসিন্দারা এখন মাথাগোঁজার ঠাঁই খুঁজতে মরিয়া। ফলে এবছর লক্ষ্মীপুজোর আয়োজন করতে পারছেন না অনেকেই। কেউ কেউ আবার ফুলে জলে মা লক্ষ্মীর পুজো সারতে চাইছেন। দুর্গতদের আক্ষেপ, ঘরে জল ঢুকে সবটাই তছনছ করে দিয়েছে। ভেসে গিয়েছে গৃহস্থলীর জিনিসপত্র থেকে গবাদি এমনকী লক্ষ্মীর আসন। তাছাড়া হাতে টাকাপয়সা নেই। ফলে এবার লক্ষ্মীপুজো করা সম্ভব নয়। এতে অবশ্য মন খারাপ দুর্গতদের। তাঁদের কথায়, ঘরে ঘরে আলপনা, শঙ্খ - উলুধ্বনিতে মা লক্ষ্মীকে বরণ করে নিতেন তাঁরা। কিন্তু নিজেরা কোথায় রাত কাটাবেন, কী খাবেন এখন সেই চিন্তাতেই ব্যস্ত তাঁরা। দুর্যোগের জেরে মাথায় হাত প্রতিমা শিল্পী থেকে ব্যবসায়ীদের। কারণ, বাজারে লক্ষ্মী প্রতিমা ও পুজোর উপকরণ থাকলেও তা সেভাবে বিক্রি হচ্ছে না। অনেকের আবার বক্তব্য, বিপর্যয়কে সামনে রেখে পুজোর ফলমূলের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।



