সংবাদদাতা, জঙ্গিপুর: নবম শ্রেণির দুঃস্থ এক ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন রঘুনাথগঞ্জ ১ব্লকের জরুর গ্রামপঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলি। বুধবার সকালে ওই ছাত্রীর বাড়িতে যান ইয়াকুব সাহেব। ছাত্রীর পরিবারের সঙ্গে কথাও বলেন। ছাত্রীর হাতে প্রয়োজনীয় বইও তুলে দেন তিনি। ওই ছাত্রীর নাম অনিতা মণ্ডল। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামপঞ্চায়েতের মথুরা গ্রামে। সে শিমলা হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কোনও কাজকর্ম করতে পারেননা। এমন অবস্থায় অনিতার কিছু বইপত্রের প্রয়োজন পড়লে আর্থিক অনটনের কারণে কিনতে পারেনি। বিষয়টি প্রধান সাহেবের নজরে আসলে তিনি ওই ছাত্রীর পাশে দাঁড়ান। প্রয়োজনীয় বইপত্র নিয়ে ছাত্রীর বাড়িতে হাজির হন। নবম শ্রেণির চারখানা সহায়িকা বই তুলে দেন। পাশাপাশি আগামীতে লেখাপড়ার জন্য যা খরচ হবে তাও দেওয়ার আশ্বাস দেন প্রধান সাহেব।
Advertisement
অনিতা বলে, আমার কয়েকটি সহায়িকা বই এর প্রয়োজন ছিল। বাবা বইগুলো কিনে দিতে পারেননি। প্রধান কাকু আমাকে বই দিয়েছেন। ছোটো বোনকে একটি সাইকেলও দিয়েছেন। উনি খুব ভালো মানুষ। ছাত্রীর বাবা সুভাষ মণ্ডল বলেন, আমি কয়েক বছর ধরে প্রায় পঙ্গু হয়ে পড়েছি। কোনও কাজকর্ম করতে পারিনা। মেয়ের বিষয়টি জানতে পেরে প্রধান সাহেব পাশে দাঁড়িয়েছেন। আমার একটা ট্রাইসাইকেল প্রয়োজনের কথা বলেছি, উনি সেটারও আশ্বাস দিয়েছেন। প্রধান সাহেব বলেন, বিষয়টি আমার গ্রামপঞ্চায়েত সদস্য মারফত জানতে পারি। তার কী কী বই প্রয়োজন জেনে বই নিয়ে তার বাড়িতে যাই। মেয়েটির লেখাপড়াযাতে বন্ধ নাহয় তারজন্য পাশে দাঁড়িয়েছি। আগামীতে ওর লেখাপড়ার জন্য অর্থের প্রয়োজন হলেও আমি আছি।



