নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য তথা জাতীয় স্তরে নিজেদের গুরুত্ব কমছে বুঝতে পেরেই এবার এককাট্টা প্রমাণে মরিয়া বাম দলগুলি। বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এবার পথে নামছে সবক’টি বাম দল। আগামী ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি নেওয়া হচ্ছে। অর্থাৎ, সংসদে অমিত শাহের ওই ‘বিতর্কিত’ মন্তব্যের দু’সপ্তাহ পর এই ইস্যুতে আচমকাই গা ঝাড়া দিয়েছে উঠেছেন বাম নেতারা। কর্মসূচিতে শামিল হচ্ছে নকশালরাও। রবিবার দিল্লিতে সিপিআইয়ের কেন্দ্রীয় কার্যালয় অজয় ভবনে এই নিয়ে বৈঠক করে পাঁচটি বাম দল। ওই বৈঠকেই অমিত শাহের পদত্যাগের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।



