Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’সপ্তাহ তাণ্ডব চালানোর পর অবশেষে জগাছায় ধরা পড়ল হনুমান

দু’সপ্তাহ তাণ্ডব চালানোর পর অবশেষে জগাছায় ধরা পড়ল হনুমান
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুই সপ্তাহেরও বেশি তাণ্ডব চালানোর পর অবশেষে ধরা পড়ল দলছুট অসুস্থ হনুমান। হাওড়ার জগাছার ঘটনা। বেশ কিছুদিন ধরে একদল হনুমানের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বাসিন্দারা। এদের মধ্যে দলছুট একটি অসুস্থ হনুমানের আঁচড় ও কামড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ জন। শুক্রবার সকালে হাওড়ার সাতাশি এলাকা থেকে বনদপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি দিয়ে হনুমানটিকে কাবু করেন। সেটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে বনদপ্তর।  
Advertisement
দু’সপ্তাহ ধরে জগাছার ধরসা পশ্চিম পাড়া, গভর্নমেন্ট কলোনি, পালপাড়া, বুড়ো শিবতলা সহ বিভিন্ন এলাকায় সাত থেকে আটটি হনুমানের দল তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। আতঙ্কে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়াই একপ্রকার বন্ধ করে দিয়েছিলেন বাসিন্দারা। গত মঙ্গলবার রিয়া নস্কর নামের স্থানীয় এক যুবতীর হাতে কামড়ে রক্তাক্ত করে দেয় একটি হনুমান। এছাড়া আরও ২০ জনকে কামড়ে ও আঁচড়ে আহত করে। গত তিনদিন ধরে বনদপ্তরের কর্মীরা এলাকায় খাঁচা ও ফাঁদ ফেলে অসুস্থ হনুমানটিকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষে এদিন সকালে সাতাশি এলাকায় বনদপ্তরের ছোড়া গুলিতে জব্দ হয় হনুমান। সেটিক ধরার পর প্রচুর মানুষ ভিড় জমান। বনদপ্তরের কর্মীরা বলেন, ‘স্থানীয়রাই অসুস্থ হনুমানটিকে শনাক্ত করে আমাদের জানিয়েছিল। অবশেষে ওঁরা আতঙ্ক মুক্ত হলেন।’ হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার দীপককুমার মণ্ডল বলেন, ‘হনুমানটিকে আমরা নজরে রেখেছি। ওর চিকিৎসা চলছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ