নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’বার নির্বাচনের দিন ঠিক হয়েও পিছিয়ে গিয়েছিল। অবশেষে তৃতীয়বার সোনারপুর ব্লকের কালিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের দিনক্ষণ ঠিক হল। ২৩ ফেব্রুয়ারি হবে এই ভোট। তাতে তৃণমূল এবং সিপিএমের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ ৫০ আসনের এই সমবায়ের নির্বাচনে কোনও মনোনয়ন জমা দিতে পারেনি বিজেপি।
Advertisement
জানা গিয়েছে, ২০২৩ সালেই এই নির্বাচনের মনোনয়ন পর্ব মিটে গিয়েছিল। সেবার পঞ্চায়েত নির্বাচনের আগে এই ভোটের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করতেই এই সমবায়ের ভোট স্থগিত করে দেওয়া হয়। তারপর ফের ২০২৪ সালে লোকসভা ভোটের আগে আরও একটি দিন স্থির করা হয়। কিন্তু সেবারও লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ায় আর এই সমবায়ের ভোট হয়নি। এ বছর কোনও নির্বাচন নেই। তাই আর কোনও ঝুঁকি না নিয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সেই মতো সব প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছেন।



