Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দর্শকের প্রশংসা অনেক বড় পুরস্কার: সোহম

দর্শকের প্রশংসা অনেক বড় পুরস্কার: সোহম
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
রি-রিলিজ এখন ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড। সেই তালিকার উপরের দিকে রয়েছে সোহম শাহর ছবি ‘তুম্বাদ’। এবার আসছে ‘তুম্বাদ ২’। নতুন ছবি ঘিরে পরিকল্পনার কথা শেয়ার করলেন অভিনেতা।
Advertisement
কালজয়ী ছবি
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভৌতিক-ফ্যান্টাসি ঘরানার ছবি ‘তুম্বাদ’। রি-রিলিজেও বেশ ভালো ব্যবসা করেছে এই ছবি। সেই সাফল্যকে ব্যখ্যা করে অভিনেতা তথা প্রযোজক সোহম বললেন, ‘২০১৮-র থেকে ২০২৪-এ এসে ছবিটি দর্শকের বেশি ভালোবাসা পেল। নতুন প্রজন্ম ছবিটি পছন্দ করেছে। আমি মনে করি নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান। আমার মতে কিছু ছবিকে সময়ে বাঁধা যায় না। এটা তেমনই একটা ছবি। আমাদের দেশের গল্প রয়েছে এখানে। সেটাই বোধহয় ইউএসপি।’ তিনি আরও জানান, ‘তুম্বাদ ২’-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরেই শুরু হবে শ্যুটিং।
দর্শকের স্বীকৃতি 
সোহম অভিনীত এবং প্রযোজিত ‘শিপ অফ থিউসিস’ ছবিটি সেরা ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছিল। কেরিয়ারের শুরুতেই ওই সম্মান কতটা উদ্ধুদ্ধ করেছিল? আলতো হেসে সোহম বললেন, ‘পুরস্কার মানুষকে স্বীকৃতি দেয়। বিশেষ করে সরকারের পক্ষ থেকে পুরস্কার অনেক বেশি সম্মানের। কিন্তু দর্শকের ভালোবাসাই সবকিছু। আমি মনে করি পুরস্কারের কথা না ভেবে দর্শকের জন্য ছবি বানানো উচিত। দর্শকের প্রশংসা অনেক বড় পুরস্কার।’
অভিনয়েই মজা
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সমান ভাবে সামলান সোহম। এবার কি পরিচালকের ভূমিকায় দেখা যাবে? অভিনেতার জবাব, ‘ছবি পরিচালনা করা অনেক কঠিন কাজ। এরজন্য অনেক বিদ্যে, বুদ্ধির প্রয়োজন হয়। আমি সাধারণ মানুষ। পরিচালনা করতে পারব না। এই ইন্ডাস্ট্রির সবচেয়ে মজার কাজ হল অভিনয়। প্রযোজনা করা সময়সাপেক্ষ কাজ।’
স্ট্রাগল অন্তহীন
একজন অভিনেতার স্ট্রাগল কখনও শেষ হয় না বলে মনে করেন সোহম। তাঁর কথায়, ‘একজন অভিনেতা সবসময় ভালো গল্পের খোঁজ করে। তবে রাজস্থান থেকে মুম্বইতে এসে কাজ করা আমার জন্য অন্যরকম স্ট্রাগল ছিল। শুরুর এক দশক আমি অত্যন্ত উদ্বিগ্ন থাকতাম। এই ইন্ডাস্ট্রির সংস্কৃতি আমার বোধগম্য হতো না। ইংরেজি জানতাম না। হীনন্মন্যতায় ভুগতাম তখন। আমার কোনও বন্ধু ছিল না। শূন্য থেকে শুরু করেছিলাম। খুবই যন্ত্রণাময় ছিল শুরুর দিনগুলো।’
সম্পর্কিত সংবাদ