সংবাদদাতা, রায়গঞ্জ: পরিস্রুত পানীয় জলের সমস্যায় ভুগছে রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। গ্রামবাসীদের জন্য পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সৌরশক্তি চালিত পাম্প বসানো হলেও নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে সেগুলি বিকল হয়ে পড়ে রয়েছে। যার ফলে আয়রনযুক্ত পানীয় জল খেতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর এলাকায় বেশির ভাগ জায়গায় জল আয়রনযুক্ত। এছাড়া গরমকাল এলে রামপুরের বেশকিছু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়। এলাকায় সৌরশক্তি চালিত পাম্প বসলেও সেগুলি বিকল থাকায় পরিস্রুত পানীয় জল কবে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় গ্রামবাসীরা।
তপন দাস নামে এক বাসিন্দা জানান, গত ৮ মাস আগে পঞ্চায়েতের তরফ থেকে সৌরশক্তি চালিত পানীয় জলের পাম্প রামপুরের স্মৃতি মন্দিরের কাছে বসানো হলেও দশদিন পর থেকে সেই পাম্প অচল। পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। আয়রন জল খেয়ে পেটের সমস্যা হচ্ছে। আনন্দ রায় নামে আর এক বাসিন্দা জানান, পঞ্চায়েতের তরফ থেকে বেশ কয়েকটি সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছিল এলাকায়। আমরা ভেবেছিলাম পানীয় জলের সঙ্কট মিটতে চলেছে। তবে পাম্পগুলি বিকল হয়ে পড়ে থাকায় সমস্যার কোনও সমাধান হয়নি। দ্রুত পাম্পগুলি সচল করলে আমাদের সুবিধা হবে।
পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠুন সরকার বলেন, এলাকায় পঞ্চায়েত ও ব্লক থেকে অনেকগুলি সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছিল। তবে সেগুলি সঠিকমতো রক্ষণাবেক্ষণ হওয়ায় বিকল হয়ে পড়ে রয়েছে। এই পানীয় জলের ব্যবস্থার মাধ্যমে ৮ টি গ্রাম উপকৃত হত। আমি এর আগেও পঞ্চায়েত ও ব্লককে জানিয়েছি। আবারও জানাবো।
অন্যদিকে রামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মমতা রায় বর্মন বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা দ্রুত ওই পাম্পগুলি সারাইয়ের কাজ করব।