নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্তত দু’বার এসআইআরের শুনানিতে ডাকা হলেও আসেননি ভোটার। কী এমন গুরুতর কারণ? ওই ভোটারের অনুপস্থিতির কারণ উল্লেখ করতে গিয়ে বিএলও (বুথ লেভেল অফিসার) লিখেছেন ‘ফরগট ড্রিঙ্কিং ওয়াইন’! অর্থাৎ মদ্যপানের ঘোরে শুনানিতে আসতেই ভুলে গিয়েছেন ভোটার। গুরুতর কারণই বটে! জনৈক ভোটারের এমন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় জেলা প্রশাসনে। কাজের চাপে দিশাহারা কর্মী-আধিকারিকরা একটু হাসিঠাট্টার ফুরসত পান। বাকি গল্পও সমান আকর্ষণীয়! জানা যায়, ওই ভোটারের প্রথম শুনানির দিন পাশের গ্রামে একজন মারা যান। শ্মশানে গেলে নাকি ফ্রি-তে মদ পাওয়া যাবে! তাই শুনানিতে না গিয়ে শবযাত্রায় শামিল হওয়াকেই বেশি দরকারি মনে করেছেন তিনি। দ্বিতীয় শুনানির দিনেও হাজির হতে না পারার কারণ সেই সুরা-প্রীতি! ওই ভোটার সকাল থেকে মদ্যপান করে কোথায় কী অবস্থায় ছিলেন, হদিশ পাননি স্বয়ং বিএলও। তৃতীয়বার ডাক পেয়ে অবশ্য শুনানিতে হাজির হয়েছিলেন তিনি। তখন অবশ্য মদ্যপানের কথা বেমালুম এড়িয়ে বলেন, ‘স্যার, তারাপীঠে পুজো দিতে গিয়েছিলাম।’



