নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ড্রাইভিং লাইসেন্স মেলা পরিদর্শন করলেন হুগলি গ্রামীনের পুলিস সুপার কামনাশিস সেন। বৃহস্পতিবার তিনি আরামবাগের রবীন্দ্রভবনে চলা ড্রাইভিং লাইসেন্স মেলায় অনেককে লার্নার লাইসেন্স তুলে দেন। পাশাপাশি উপভোক্তাদের বাইকে যাওয়ার সময় হেলমেট পরার পরামর্শ দেন। উল্লেখ্য, গত বুধবার থেকে রবীন্দ্রভবনে হুগলি গ্রামীণ পুলিসের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হয়েছে। দুদিনে প্রায় ৬০০ উপভোক্তা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন। তাঁদের প্রাথমিক পর্যায়ে এখান থেকে লার্নার লাইসেন্স দেওয়া হচ্ছে। পুলিস সুপার বলেন, অনেকেরই ড্রাইভিং লাইসেন্স ছিল না। সেইজন্য গত দুদিনে এই মেলায় ভালো সাড়া পাওয়া গিয়েছে। তারফলে বাসিন্দারা সুবিধা পেলেন।



