Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর-ফরিদপুরের ইচ্ছাপুর থেকে সরপীমোড় যাওয়ার রাস্তা বেহাল

দুর্গাপুর-ফরিদপুরের ইচ্ছাপুর থেকে সরপীমোড় যাওয়ার রাস্তা বেহাল
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর থেকে সরপীমোড় যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে পিচের তৈরি ওই রাস্তা ভেঙে গর্তে ভরে গিয়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী থেকে এলাকাবাসী। ছোটবড় দুর্ঘটনাও ঘটছে। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী থেকে পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শহরের সঙ্গে সংযোগকারী ইচ্ছাপুরের ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দুর্গাপুর-ফরিদপুর ও পাণ্ডবেশ্বর ব্লকের মানুষজন ওই রাস্তা ব্যবহার করেন। প্রতিদিন গুরুত্বপূর্ণ রাস্তাটিতে ১০টি বাস চলাচল করে। ইচ্ছাপুর গঙ্গা মন্দির থেকে সরপী মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি প্রায় ৭ বছর আগে সংস্কার হয়েছিল। এরপর প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় স্বপন বাদ্যকর ও তোতন মুখোপাধ্যায় বলেন, গ্রামগুলি থেকে শহরে যোগাযোগের এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ কর্মসূত্রে গ্রাম থেকে শহরে নিত্যদিন যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি খানাখন্দে ভরে উঠেছে। রাতের দিকে ভারী যানবাহন চলাচল করে। বালির গাড়ি চলাচল করে। যার কারণে রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে। বামাপদ বাগদি ও মিলন মুখোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের চাহিদা মতো এই রাস্তা দিয়ে দিনে দুর্গাপুর-লাউদোহা ও পাণ্ডবেশ্বর রুটের ৭টি বেসরকারি মিনিবাস চলাচল করে। এছাড়াও এই রাস্তা দিয়ে তিনটি বেসরকারি বড় বাস যায়। ওই তিনটি বাস বীরভূম যাওয়া আসা করে। রাস্তা বেহাল হওয়ায় ভোগান্তির পাশাপাশি ছোটবড় দুর্ঘটনাও ঘটছে। আমাদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে। বহু মানুষ উপকৃত হবেন। ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা মজুমদার বলেন, রাস্তাটি বেহাল থাকায় পথচারীদের ভোগান্তি হচ্ছে জানি। আমরা ওই রাস্তার কিছুটা অংশ ‘পথশ্রী’ প্রকল্পের আওতাভুক্ত করতে চাইছি। সংস্কারের জন্য চেষ্টা চলছে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ