Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর-ফরিদপুরে পানীয় জলের দাবিতে পাম্পহাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, চাঞ্চল্য 

দুর্গাপুর-ফরিদপুরে পানীয় জলের দাবিতে পাম্পহাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, চাঞ্চল্য 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: পানীয় জলের দাবিতে মঙ্গলবার জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই)দপ্তরের পাম্পহাউসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দারা। ওই পাম্পহাউস থেকে বিভিন্ন এলাকার জল  সরাবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ও ফরিদপুর থানার পুলিস। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে জলসঙ্কট চলছে। ‘জলস্বপ্ন’ প্রকল্পে পাইপলাইন ও বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হলেও জল মিলছে না। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মিলছে না। তাঁদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত জল দিতে হবে এলাকায়। ব্লক প্রশাসনের আশ্বাসে এদিন বিক্ষোভ উঠে যায়।
Advertisement
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়লাখনি অঞ্চলের মধ্যে রাঙামাটি গ্রামটি অবস্থিত। খনিঅঞ্চলে ভূ-গর্ভস্ত জলস্তর নীচে নেমে যাওয়ায় জলকষ্টে ভোগেন এলাকার বাসিন্দারা। শীতকালে এলাকার পুকুর, জলাশয় ও কুয়োর জল শুকিয়ে যায়। তাই সরকারি জলের উপর নির্ভরশীল থাকেন এলাকার বাসিন্দারা। ‘জলস্বপ্ন’ প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল দিতে প্রায় এক বছর আগেই কাজ শুরু হয়েছে। কাজ প্রায় শেষের মুখে। ওই গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। রমজান মাস চলায় জল নিয়ে তাঁদের ভোগান্তি শুরু হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক রমজান মাসে ট্যাঙ্কের মাধ্যমে জল সরাবরাহ করার আবেদন করেছেন। সেইমতো জলও পাঠানো শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, পর্যাপ্ত জল সরবরাহ করতে হবে। গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল ও সারিফা বিবি বলেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। এক বছর আগে বাড়িতে জলের পাইপলাইন ও কল বসেছে। কিন্তু জল দিচ্ছে না। রমজান মাসে আমাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, জলস্বপ্ন প্রকল্পের কাজ ওই এলাকায় শেষের মুখে। কয়েকদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। এদিন ট্যাঙ্কের মাধ্যমে জল দেওয়া হয়েছে।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ