সংবাদদাতা, ডোমকল: রানিনগরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম রাহুল শেখ(২৫)। তাঁর বাড়ি রানিনগরের কাহারপাড়ায়। ঘটনায় জখম হয়েছেন তাঁর সঙ্গী সুমন শেখ। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রানিনগর পাওয়ার হাউসের সামনে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই দু’জন বাইকে ডোমকলের দিকে যাচ্ছিলেন। রানিনগর পাওয়ার হাউসের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকার নীচে পড়ে যান তাঁরা। তাতেই জখম হন ওই দু’জন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহুল শেখকে মৃত ঘোষণা করেন। আর সুমন শেখের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। পুলিস ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক।



