নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: প্রতিরক্ষায় বিশেষ জোর। সেই সঙ্গে দেশের সুরক্ষাও। এ রাজ্যেই হতে চলেছে ডিআরডিও’র (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) বড় প্রকল্প। শুক্রবার সল্টলেকের একটি অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ডিআরডিও’র থেকে একটি চিঠি আমি পেয়েছি। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলব না। ডিআরডিও’র প্রকল্প নিয়ে আগের সরকারের মুখ্যমন্ত্রী রেসপন্স করেননি। আমি করে দিয়েছি। ডিআরডিও’র পক্ষ থেকে পশ্চিবঙ্গে বড় ডিফেন্স প্রজেক্ট আসছে। পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল জুনপুটে তা তৈরি হবে। এ ব্যাপারে বিস্তারিত আমি পরে ঘোষণা করব। এটা একটা বড় পদক্ষেপ হবে দেশের সুরক্ষা এবং পশ্চিমঙ্গের বিকাশে। আগামীদিনে আপনারা দেখতে পাবেন।
এদিন সল্টলেক সিটি সেন্টারে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্যাশন ওয়ারড্রোবের উদ্বোধন করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, এই সংস্থার কাছ থেকে আমি কমিটমেন্ট নিয়েছি, তাঁরা রাজ্যের ১১০টি জায়গায় আগামী কিছুদিনের মধ্যে ২৫০ সেন্টার তৈরি করবে এবং এর ফলে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের অনেক প্রকল্প চলছে। নিউটাউনে আদানি গ্রুপের ২ হাজার বেডের হাসপাতালের শিলান্যাস হবে। ২৪ সেপ্টেম্বর গৌতম আদানিকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তাজপুর পোর্টকে দাদনপাত্রবাড়’এ আমরা স্থানান্তর করে দিয়েছি। তাজপুরে জমি ছিল না। দাদনপাত্রবাড়ে ১৭০০ একর জমি আছে। আমার সঙ্গে অনন্ত আম্বানির ভাইয়ের কথা হয়েছে। তিনিও বাংলায় আসতে আগ্রহী। উনি আমাকে মুম্বই যেতে বলেছেন। গণপতি উৎসবের পর মুকেশ আম্বানি, অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব। তিনি আরও বলেন, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ৩৩টি কোম্পানিকে জমি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা গুড এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছি। যেখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ব্যুরোক্র্যাট, পুলিশ, মিডিয়া ফ্রেন্ডস, একসঙ্গে সবাই মিলে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করছি, যেটা অনেকদিন এখানে ছিল না।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘রামকথার’ একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, এবার ডিসেম্বর মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ মানুষকে নিয়ে একটি ভজন অনুষ্ঠান করা হবে। তারপর রামভদ্রাচার্যজি আসছেন। জানুয়ারি মাসে ১০৮ কুণ্ডের তিনি একটি বড় অনুষ্ঠান করবেন। গঙ্গাসাগর মেলা এবার আন্তর্জাতিক মানের হবে।