মুম্বই: সাদা বলের ক্রিকেটে রাহুল দ্রাবিড় ও কেন উইলিয়ামসনের ব্যাটিং প্রভাব ফেলেছিল লোকেশ রাহুলের মনে। স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে অনেক পরিণত হয়েছি। বয়স যখন কম ছিল তখন বড় বড় ছয় হাঁকানোর চেষ্টা করতাম। আমি যেটা নই, সেটাই হতে চাইতাম। কিন্তু ২০১১ কিংবা ২০১২ সালের আইপিএলে দ্রাবিড়কে দেখে বুঝলাম যে, নিজের টেকনিকে অনড় থেকেও সফল হওয়া সম্ভব। সানরাইজার্স হায়দরাবাদে থাকার সময় উইলিয়ামসনকেও দেখেছি কাছ থেকে। এই দুই জনের থেকে শিখেছি, সবসময় জোরে মেরে লাভ নেই। আমিও কিছু স্কিলের অধিকারী। টি-২০ ক্রিকেটে সেভাবে খেলেও সফল হওয়া যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আবার বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে ট্রেনিং বাড়িয়েছে আত্মবিশ্বাস।’ উল্লেখ্য, গত দুই মরশুমের অধিনায়ক লোকেশকে ‘রিটেইন’ করেনি লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের নিলামে তাঁকে পেতে আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজিই।



