নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যেজুড়ে জোরকদমে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। কিন্তু বারাকপুর ক্যান্টনমেন্টের বাসিন্দাদের দুয়ারে সরকারে কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে সমস্যায় পড়তে হয়। এনিয়ে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একথা জানতে পেরে দুয়ারে সরকারের দায়িত্বপ্রাপ্ত বারাকপুর মহকুমার নোডাল অফিসার, পরিবহণ সচিব সৌমিত্র মোহন বারাকপুরে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসে এসে বৈঠক করেন। তাঁদের কোনও আইডি এবং পাসওয়ার্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে বলে ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর পরিবহণ সচিবকে জানান। সেই বৈঠকে বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ ছিলেন। সেখানেই উত্তর বারাকপুর পুরসভার সঙ্গে ওই এলাকাকে যুক্ত করে দিয়ে সমস্যার সমাধান করা হয়। উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, ক্যান্টনমেন্ট বোর্ড-এর কোন আইডি বা পাসওয়ার্ড না থাকার জন্য ওরা দুয়ারে সরকার কর্মসূচি করতে পারছিল না। এখন থেকে আমাদের পুরসভার আইডি ও পাসওয়ার্ড নিয়ে ওরা এই কর্মসূচি পালন করবে। ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কাশীনাথ সাহা বলেন, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ২২ হাজার বাসিন্দা আছেন। তারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির সুফল পেতেন না। আমরা বিষয়টি রাজ্য সরকারের শীর্ষ স্থানীয় জায়গায় জানানোর পর সমাধান মিলেছে। আশা করি, এখানকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন।



