নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলায় দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শন করে গেলেন রাজ্যের অন্যতম অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন। বুধবার তিনি হুগলি জেলায় এসেছিলেন। ধনেখালি থেকে মানকুণ্ডু— একগুচ্ছ শিবির পরিদর্শন করেন তিনি। বেশিরভাগ জায়গায় তিনি উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন। জেলা প্রশাসন জানিয়েছে, দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার পর্যন্ত প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষ বিভিন্ন ব্লকের দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। এই কর্মসূচির জন্য স্থায়ী ও মোবাইল দু’রকমের শিবিরের আয়োজনই জেলায় রাখা হয়েছে।



