সংবাদদাতা, বারুইপুর: চাষের জমিতে জল আসছে না। ফলে বোরো ধান চাষ বাধাপ্রাপ্ত হচ্ছে। পঞ্চায়েতকে জানিয়ে কোনও কাজ হয়নি। এমন অভিযোগ নিয়ে শনিবার বারুইপুরে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেনের কাছে সমস্যার কথা তুলে ধরেন চাষিরা। মহকুমা শাসক সমস্যা শুনে আশ্বস্ত করে বিডিওকে দেখার নির্দেশ দেন। বারুইপুরের ধপধপি দু’নম্বর পঞ্চায়েতের উদ্যোগে ধপধপি হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেখানে পরিদর্শনে যান বারুইপুরের মহকুমা শাসক। তাঁর কাছে চাষিরা বলেন, সূর্যপুর খালের জল প্রবাহিত হয়ে ওলবেড়ে ফেলে ভাড়াগাছির কাছে গিয়ে ঠেকছে। ওই জায়গায় জল বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে চাষের জমিতে জল দেওয়া যাচ্ছে না। সমস্যার প্রতিকার করতে হবে। এদিন ক্যাম্পে দেখা গিয়েছে, স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী শ্রেয়া, সুদীপা, তিথি, প্রিয়া, ধৃতিকা একাধিক সরকারি প্রকল্পের আবেদনপত্র মানুষের জন্য পূরণ করে করে দেন। তাঁদের এই কাজ দেখে খুশি আধিকারিকরা।



