নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই বারাসতে ‘ভূতুড়ে ভোটার’ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসল তৃণমূল। শুক্রবার মধ্যমগ্রামে এ নিয়ে আলোচনা হয়। দলীয় কার্যালয়ে বৈঠক করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনান্য বিধায়করা। ছিলেন অন্যান্য নেতারা। বৈঠক সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। সে নথি খতিয়ে দেখার কাজ হবে। ব্লক, বুথ সভাপতি ও দলের বিভিন্ন স্তরের কর্মীরা সে কাজ করবেন। তারপর তারা রিপোর্ট তৈরি করবেন। সে রিপোর্ট পাঠানো হবে রাজ্য দপ্তরে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ‘বিতর্কিত’ ভোটার তালিকার অভিযোগ স্পষ্টভাবে সামনে এসেছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল দলনেত্রী নিজে এ বিষয়ে মতামত দিয়েছেন। তারপর তাঁর নির্দেশ শুনে শুক্রবার বারাসতে তৃণমূল বৈঠকে বসে। কাকলিদেবী বলেন, ‘দলনেত্রীর নির্দেশেই বৈঠক। অনলাইনে ভুল তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা। তা খতিয়ে দেখে অস্তিত্বহীন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। বিধানসভা ধরে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক সভাপতি, দলের কর্মীদের। তা নেতৃত্বের কাছে যাবে।’



